বিচার শেষ করা নিয়ে সেক্টর কমান্ডারস ফোরামের সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে যুদ্ধাপরাধের বিচার শেষ করা সম্ভব হবে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরাম।গতকাল শনিবার এক মতবিনিময় সভায় সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা এ সংশয়ের কথা বলেন। বিচার দ্রুত শেষ করতে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য তাঁরা নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।রাজধানীর ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম।সংগঠনের নেতারা বলেন, যুদ্ধাপরাধের একাত্তরে মানবতা-বিরোধী অপরাধ) বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যতটা শক্তিশালী ও কার্যকর করা দরকার ছিল, ততটা হয়নি। এ কারণে ট্রাইব্যুনাল গঠন করার দেড় বছর পরও বিচারকাজ সেভাবে এগোচ্ছে না।সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকতে যদি যুদ্ধাপরাধীদের বিচার না হয়, তাহলে বিচার আর হবে না। বরং যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন, তাঁরা বেঁচে থাকতে পারবেন কি না, সন্দেহ আছে।গত সোমবার পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষের কথা উল্লেখ করে এ কে খন্দকার বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের ভয় দেখানো।’ তিনি বলেন, সরকারের উচিত সাক্ষীদের নিরাপত্তার ব্যাপারে সাহায্য করা।ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেন, বঙ্গবন্ধু ১০ জানুয়ারি দেশে ফেরার দুই দিনের মাথায় দালাল আইন করেন। ২৪ জানুয়ারি বিচারের জন্য ৭৩টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন। অথচ গত আড়াই বছরে মাত্র একটি ট্রাইব্যুনাল হয়েছে, সেটাও কার্যকর নয়। তিনি বলেন, সরকারের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করতে হবে।ফোরামের আরেক সহসভাপতি কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী যুদ্ধাপরাধের বিচারের পাশাপাশি সরকারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণের পেটে থাকলে পিঠে সইবে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমার মতো লোককেও খাদ্যতালিকা কাটছাঁট করতে হচ্ছে। এ অবস্থায় জনগণ বিচারের দিকে মনোযোগ দেবে কীভাবে?’সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-উর রশীদ বলেন, গত দেড় বছরে বিচারের যে অগ্রগতি হওয়ার কথা, তা হয়নি। যে সময় আছে, তাতে দ্রুত বিচার সম্পন্ন হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।ইন্ডিপেন্ডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম বলেন, ‘খেয়াল রাখতে হবে, বিচার যাতে আন্তর্জাতিক মানের হয় এবং তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়।’সাংবাদিক আবেদ খান বলেন, ‘যেভাবে বিচার হচ্ছে, ক্রমান্বয়ে এর প্রতি মানুষের আস্থাহীনতা দেখতে পাচ্ছি। বিচার-প্রক্রিয়া যে যথাযথ হচ্ছে, সে বিশ্বাসযোগ্যতা স্থাপন করতে হবে।’নিউজ টুডে-এর সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সাপের লেজে পা দিয়ে লাভ নেই। এমন যাতে না হয়, আদালত থেকে কেউ পার পেয়ে গেছে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কম্পোজিশন ঠিক মনে হয়নি। এই টিম হালনাগাদ করা দরকার।’প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘এ সরকারের মেয়াদে প্রকৃত অপরাধীদের শাস্তির রায় দেখতে চাই। তবে বিচার আন্তর্জাতিক মানের হতে হবে, যাতে এ নিয়ে কোনো অভিযোগ না ওঠে।’সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারে একধরনের রাজনৈতিক ইস্যুর ব্যাপার আছে। তাই এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার সহজে করবে না। এ বিষয়ে সরকারকে সুবিধাবাদী প্রবণতা থেকে বের হয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে।’মতবিনিময় সভার সঞ্চালনা করেন সাংবাদিক হারুন হাবীব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার। আরও বক্তব্য দেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার বার্তা প্রধান শাহ আলমগীর হোসেন ও ডেইলি স্টার-এর সহকারী সম্পাদক শাহ হোসেন ইমাম।