বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ১৪ দল
যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। আজ সোমবার দুপুরে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের মহানগর কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াতের পাশে দাঁড়িয়েছে। তাঁরা একসঙ্গে মিলিত হয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়। তিনি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে একাত্তরের মতো ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীর বিচার বন্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা কোনো দিন সফল হয়নি, ভবিষ্যতেও হতে পারবে না। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর বিচার হবেই হবে।যুদ্ধাপরাধীদের বিচারসহ বিভিন্ন দাবিতে ২২ ডিসেম্বর সারা দেশে গণমিছিল করবে ১৪ দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমবেত হবে ১৪ দলের নেতা-কর্মীরা। সেখান থেকে সোহ্রাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে মিছিল শেষ হবে। এই গণমিছিল কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণতন্ত্রী পার্টির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কোমল ঘোষের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন, ১৪ দলের ঢাকা মহানগরের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, গণ-আজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।