বিচার হয়নি ৫৪ ছাত্রহত্যার
রাজনৈতিক সংঘর্ষে গত ৪০ বছরে দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে প্রাণ হারান ১২৯ জন ছাত্র। এর মধ্যে ২৫ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ছয়জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ৫৫টি ঘটনার মধ্যে মাত্র একটির বিচার হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়: অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২০১০ সালের ১৫ আগস্ট ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ চলাকালে নাসরুল্লাহ নাসিমকে মারধর করে হলের দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। নয় দিন পর নাসিম মারা যান। ঘটনার দেড় বছর পেরিয়ে গেলেও নাসিম হত্যার বিচার হয়নি। মতিহার থানা সূত্রে জানা গেছে, মামলার ৩৫ জন আসামির মধ্যে ২৫ জন সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। ২০০৯ সালের ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রশিবির ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে নিহত হন ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী। এ ঘটনায় দুবার মামলার তদন্ত কর্মকর্তা বদল হলেও এখনো অভিযোগপত্র দাখিল করতে পারেনি পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ ছাত্রসংঘর্ষ হয়েছে শিবিরের সঙ্গে। ১৯৮২ সালের ১১ মার্চ শিবির ক্যাম্পাসে প্রকাশ্য কর্মসূচি দিয়ে আয়োজন করে নবীনবরণ অনুষ্ঠান। এ ঘটনায় অন্যান্য ছাত্র সংগঠন বাধা দিলে সংঘর্ষে শিবিরের চারজন কর্মী মারা যান। আর শিবিরের হামলায় মারা যান ছাত্রলীগের নেতা মীর মোশতাক এলাহী। ১৯৮৮ সালের ১৭ নভেম্বর মারা যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসলাম হোসেন। পরদিন ১৮ নভেম্বর সংঘর্ষে মারা যান আজগর আলী। ১৯৮৯ সালের ১৮ এপ্রিল মারা যান শফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন সময় ছাত্রসংগ্রাম পরিষদের সঙ্গে শিবিরের সংঘর্ষে ১৯৯০ সালের ২২ জুন খলিলুর রহমান, ১৯৯২ সালের ৭ মে আজিবর রহমান, ১৯৯৩ সালের ১৭ জানুয়ারি মুহাম্মদ ইয়াহিয়া, ৬ ফেব্রুয়ারি মুস্তাফিজুর রহমান ও রবিউল ইসলাম, ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি ইসমাইল হোসেন মারা যান। বিএনপি ক্ষমতায় থাকাকালে ১৯৯২ সালের ১৭ মার্চ শিবির ক্যাডারদের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাসদ ছাত্রলীগের কর্মী ইয়াসির আরাফাত। ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর শিবির ক্যাডারদের হাতে খুন হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী নেতা জুবায়ের হোসেন, ১৯৯৫ সালের ১৩ ফেব্রুয়ারি খুন হন ছাত্র মৈত্রীর আরেক নেতা দেবাশীষ ভট্টাচার্য।সোহরাওয়ার্দী হল দখলকে কেন্দ্র করে ১৯৯৩ সালের ৬ ফেব্রুয়ারি শিবিরের হামলায় নিহত হন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী বিশ্বজিৎ ও নতুন। একই দিন শিবিরের হামলায় গুরুতর আহত ছাত্র ইউনিয়নের কর্মী তপন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯৯৬ সালের ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিবির ক্যাডাররা কুপিয়ে হত্যা করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) তৎকালীন সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানকে। এই পাঁচটি হত্যার কোনোটিরই বিচার হয়নি। ২০০৪ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের হামলায় নিহত হন শিবিরকর্মী সাইফুদ্দিন। ওই ঘটনায়ও কারও বিচার হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্যের রাজনীতির জের ধরে গত ২৪ বছরে খুন হয়েছেন ১৭ জন ছাত্র। এর মধ্যে মাত্র একটি ঘটনার বিচার হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৯৮৬ সালে জাতীয় ছাত্রসমাজের নেতা আবদুল হামিদের হাত কেটে উল্লাস করার মধ্য দিয়ে ক্যাম্পাসে সহিংস রাজনীতির শুরু করে ইসলামী ছাত্রশিবির। এর পর থেকে ২০০৯ সাল পর্যন্ত সহিংস রাজনীতির বলি হন ১২ শিক্ষার্থী। এর মধ্যে আটজনের মৃত্যু হয় ছাত্রশিবিরের নেতা-কর্মী পরিচয়দানকারী সন্ত্রাসীদের হাতে।ক্যাম্পাস সূত্রে জানা যায়, শিবিরের হাতে ১৯৯৮ সালে নিহত ছাত্র ইউনিয়নের কর্মী ও চারুকলা বিভাগের ছাত্র সঞ্জয় তলাপাত্রের প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে ছাত্র ইউনিয়ন বিচারের দাবি করে আসছে। কিন্তু হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। ১৯৮৮ সালে মারা যান পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আমিনুল হক। এই একটি ঘটনারই কেবল তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। ১৯৯০ সালের ২২ ডিসেম্বর সর্বদলীয় ছাত্রঐক্যের মিছিলে শিবির হামলা চালালে মারা যান ছাত্র মৈত্রীর নেতা ফারুকুজ্জামান। ১৯৯৪ সালে শিবিরের হামলায় মারা যান ছাত্রদলের নেতা নুরুল হুদা, ১৯৯৭ সালে ছাত্রলীগের কর্মী বকুল এবং ১৯৯৮ সালে নিহত হন বরিশাল থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা ছাত্র আইয়ুব আলী। ওই বছরেই ১৮ মে শহরতলির বটতলী এলাকায় শহরগামী শিক্ষকবাসে শিবিরের সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে মুসফিকুর সালেহীন নিহত হন।২০০১ সালে শিবিরের হাতে নিহত হন ছাত্রলীগের নেতা আলী মর্তুজা। এর আগে ১৯৯৯ সালে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে নিহত হন তিন ছাত্র। কিন্তু কোনো ঘটনারই বিচার হয়নি।জাহাঙ্গীরনগর: এ বছরের ৯ জানুয়ারি ছাত্রলীগের হামলায় মারা যান ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ। এর ১৫ বছর আগে ১৯৯৭ সালের ২ নভেম্বর অভ্যন্তরীণ কোন্দলে মারা যান ছাত্রলীগের নেতা আনন্দ কুমার। ১৯৯৪ সালের ২৩ নভেম্বর ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে মারা যান শওকত কবীর। নব্বই-পরবর্তী সময়ে এটাই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম হত্যাকাণ্ড। এর আগে ১৯৭৩ সালের শেষ দিকে মারা যান জাহাঙ্গীরনগর ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রোকন। ১৯৭৪ সালের ১২ নভেম্বর সে সময়ের নির্বাচিত ভিপি মোজাম্মেল হক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ১৯৮৯ সালের ২৬ আগস্ট ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে মারা যান ছাত্রদল নেতা হাবিবুর রহমান। তবে একটি ঘটনারও বিচার হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘এতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, একটিরও বিচার হলো না। অথচ একটি ঘটনার বিচার হলে অন্য একটি ঘটনা কখনোই ঘটত না।’(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কুদরত-ই খুদা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সুজন ঘোষ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শামসুজ্জামান শামস)।