বিচারক ও আইনজীবীদের পোশাক ঋতুবান্ধব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকের সঙ্গে পেশার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। কিন্তু কিছু কিছু পোশাক আছে, যা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত। যেমন সেনাবাহিনী, বাংলাদেশ রাইফেলস (বিডিআর), পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি। বিচারকদের ক্ষেত্রেও পোশাক নির্ধারিত রয়েছে। বিচারকের পোশাকের সঙ্গে সংগতি রেখে আইনজীবীদেরও পোশাক নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিচারকার্য পরিচালনার সময় এই নির্ধারিত পোশাক পরিধান করেই বিচারক বিচার-আসন গ্রহণ করেন, আইনজীবীরাও তাঁদের জন্য নির্ধারিত পোশাক পরিধান করেই আদালতে সওয়াল-জবাব নিবেদন করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদেরও কারাগারে বিশেষ ধরনের নির্ধারিত পোশাক পরিধান করতে হয়। আদালতে বিচার কর্ম পরিচালনার সময় বিচারক ও আইনজীবীদের ওই মতে নির্ধারিত পোশাক পরিধান করা বাধ্যতামূলক। এতে আদালতের মৌনতা ও পবিত্রতার সঙ্গে ভাব-গাম্ভীর্য ও সৌন্দর্যের সমন্বয় ঘটে। বিচারপ্রার্থী জনগণ ও সাধারণ জনগণ আদালতের কার্যক্রমের প্রতি হয় মুগ্ধ ও শ্রদ্ধাবনত। তাই আদালতের বিচারক ও আইনজীবীদের নির্ধারিত পোশাক পরিধান করার নিয়ম ও বাধ্যবাধকতার বিষয়ে কারও কোনো দ্বিমত থাকার কথা নয়। বাংলাদেশ গ্রীষ্মপ্রধান একটি দেশ। এ দেশে অগ্রহায়ণ মাস (নভেম্বর মাসের দ্বিতীয় পক্ষ) থেকে ফাল্গুন মাস (মার্চ মাসের প্রথম পক্ষ) পর্যন্ত শীত থাকে। এ সময় এ দেশের জনগণ শীত নিবারণের জন্য শীতের পোশাক পরিধান করে থাকেন। কোট, আচকান, চাপকান, শেরওয়ানি, জ্যাকেট, টাই, মাফলার বা গলাবন্ধনী (ব্যান্ড)—এগুলো শীতকালের পোশাক। অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত এসব পোশাক নির্দ্বিধায় পরিধান করা যায় এবং এ সময় তা পরিধান করা আরামপ্রদও বটে। কিন্তু চৈত্র মাস (মার্চ মাসের দ্বিতীয় পক্ষ) থেকে কার্তিক মাস (নভেম্বর মাসের প্রথম পক্ষ) পর্যন্ত এসব পোশাক সচরাচর কেউ পরিধান করেন না। এটা আবহাওয়ার কারণেই হয়ে থাকে। বাস্তবে বাধ্যবাধকতার কারণে এজলাস চলাকালে এসব পোশাক পরিধান করা হয়। এজলাসের কাজ শেষ হলেই তা বদলে ফেলা হয়। আদালতে ‘বিচারবিভাগীয় কর্মকর্তা’দের পোশাকের প্রশ্ন যখন আসে, তখনই বিবেচনায় এসে যায় এ দেশের আবহাওয়া, ঐতিহ্য-প্রসঙ্গ। এসব বিষয় বিবেচনা করলে ইউরোপীয় ঢংয়ের পোশাক নিয়ে আমাদের ভাবতে হবে। গ্রীষ্মপ্রধান দেশে এরূপ পোশাক সব ঋতুতে সার্বক্ষণিকভাবে পরিধান করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। বর্তমানে বাংলাদেশে বিদ্যমান আদালত ভবনগুলো ব্রিটিশ আমলে এবং তৎপরবর্তীকালে নির্মিত। ব্রিটিশ আমলে নির্মিত আদালত ভবনগুলোয় পর্যাপ্ত দরজা, জানালা, গবাক্ষ রয়েছে। ওই যুগে বিদ্যুতের প্রচলন ছিল না। গ্রীষ্মকালে ‘পাংখা’ দিয়ে বাতাস করার প্রচলন ছিল। গ্রীষ্মকালের শুরুতে অস্থায়ী ভিত্তিতে ‘পাংখা পুলার’ নিয়োগ দেওয়া হতো। শীতের আগমন পর্যন্ত তাঁদের চাকরি বহাল থাকত। এ পদ্ধতি পাকিস্তান আমলের শেষ দিক পর্যন্ত চালু ছিল। এ সময় প্রাকৃতিক আলো ও বাতাস দিয়েই অফিস-আদালতের কার্যক্রম চলত। বিদ্যুৎ ব্যবহারের প্রচলন হলে অফিস-আদালতে ‘পাংখা’ দিয়ে বাতাস করার পদ্ধতির বিলোপ ঘটে। পাকিস্তান আমলের শেষ দিক থেকে অফিস-আদালতে বৈদ্যুতিক পাখা ব্যবহারের প্রচলন হয়। এ সময় আদালত ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের উপযোগী করে তা নির্মাণ করা হয়। অফিস-আদালতে বৈদ্যুতিক আলো ও পাখার বাতাস ব্যবহারের প্রচলন হয়। এ পদ্ধতি এখনো চলছে। বর্তমানে ভরদুপুরেও অফিস-আদালতে সূর্যের আলো ব্যবহার না করে ব্যবহার করা হয় বিদ্যুৎ। মৃদুমন্দ বাতাস বাইরে বইতে থাকলেও তা অফিস-আদালতে ব্যবহার না করে সেখানে ব্যবহার করা হয় বৈদ্যুতিক পাখার বাতাস। হাল আমলে শীতাতপ-নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের প্রচলন শুরু হয়েছে। এ অনুসরণে আদালত ভবনও নির্মাণ করা হয়েছে। বিভিন্ন কারণে মফস্বল এলাকায় নির্মিত এসব ভবনে শীতাতপ-নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা সম্ভব হয়নি। এসব ভবনে প্রাকৃতিক আলো-বাতাস প্রবেশের উপযোগী দরজা, জানালা ও গবাক্ষ নেই। ফলে গ্রীষ্মকালে এসব ভবনে বসে কাজ করা অত্যন্ত কষ্টকর। কোট ও ইউরোপীয় পোশাক পরিধান করে এসব ভবনে বসে কাজ করতে গেলে কষ্টের মাত্রা বাড়ে বই কমে না। বর্তমানে বিদ্যুতের সংকট এ কষ্টের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এসব বিষয় বিবেচনা করে বিচারবিভাগীয় কর্মকর্তা এবং আইনজীবীদের পরিধেয় পোশাক যুগোপযোগী করা প্রয়োজন, যা বাংলার আবহাওয়া, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সমন্বয়ে নির্ধারিত হবে। তাহলে আদালতের সৌন্দর্য ও ভাবগাম্ভীর্যকে করবে মহিমান্বিত। বাংলার আবহাওয়া, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিবান্ধব এ পোশাক পরিধান করে বিচারবিভাগীয় কর্মকর্তা এবং আইনজীবীরা সগর্বে স্বচ্ছন্দে আদালতের কাজ সব সময় সব ঋতুতে পরিচালনায় ব্রতী হতে পারবেন। মনে রাখতে হবে, আমরা ইউরোপীয় কোনো দেশের অধীন নই। ব্রিটিশরাজ আমাদের শাসক নন।