বিচারক ও আইনজীবীর ঋতুবান্ধব পোশাক চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ জুলাই আইন অধিকার পাতায় জাহাঙ্গীর আলমের ‘আইনজীবীর পোশাক হোক আবহাওয়া উপযোগী’ শীর্ষক লেখাটি যেন প্রচণ্ড দাবদাহে এক পশলা বৃষ্টির মতো মনকে ছুঁয়ে গেল। অত্যন্ত সময়োপযোগী লেখাটি পড়ে নিজের অভিব্যক্তি জানানোর দীর্ঘদিনের ইচ্ছাটা আর চাপা না দিয়ে দুটি কথা জানানোর জন্যই কলম ধরা। ঔপনিবেশিক আমল থেকে চলে আসা আইন-আদালতপাড়ায় বিচারক ও আইনজীবীরা কালো কোট ও গাউন পরিধান করে বিচারসংশ্লিষ্ট কার্য পরিচালনা করে আসছেন। বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশে গ্রীষ্মকালে এই পোশাক পরে বিচারকার্য তথা আইনি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিচারক ও আইনজীবীদের প্রাণ ওষ্ঠাগতপ্রায়। প্রচণ্ড গরমে পর্যাপ্ত ফ্যান ও শীতল পরিবেশের অভাবে কাজ করতে গিয়ে অহরহ ঘটছে অজ্ঞান হওয়ার মতো ঘটনা। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই নিয়ম ব্রিটেনের আবহাওয়ার সঙ্গে সংগতিপূর্ণ হলেও বাংলাদেশের সঙ্গে নয়। উপরন্তু বোঝার ওপর শাকের আঁটির মতো গ্রীষ্মকালীন লোডশেডিংয়ে সেই কষ্ট দ্বিগুণ থেকে চতুর্গুণ হয়ে পড়ে। আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অত্যন্ত সতর্ক ও বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হয়। সেখানে অসহনীয় গরমে ভারী পোশাক পরে কাজ করতে গিয়ে গলদঘর্ম হতে হয়, যা কিনা কাজের ওপর প্রভাব ফেলতে বাধ্য। এটি ঠিক যে বহু বছর ধরে প্রচলিত পোশাকে কাজ চলে আসছে, কিন্তু এটিও বাস্তব সত্য যে, হরহামেশা অনেকেই সঠিক ড্রেস কোড মানতে সক্ষম হচ্ছেন না। এতে করে প্রচলিত নিয়মেরও ব্যত্যয় ঘটছে। আইন যত কঠিনই হোক, তা মানা সভ্য সমাজের প্রতিটি নাগরিকের কর্তব্য। আবার এটিও ঠিক যে, আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। তাই আইন ভঙ্গ করা নয়, আইন শিথিল হওয়াই কাম্য। সুতরাং বাস্তব অবস্থার নিরিখে পোশাক ঋতুবান্ধব হওয়াটা বাঞ্ছনীয়। বর্তমানে প্রচলিত পোশাকটি শীতকালের জন্য সংগতিপূর্ণ হলেও গ্রীষ্মকালের জন্য একটি আরামদায়ক পোশাক তথা ড্রেস কোড প্রবর্তন করাটা সংশ্লিষ্ট সবার জন্যই স্বস্তির হবে বলে মনে করি। এ বিষয়ে আশু ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রসঙ্গত, বিগত বছরে প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সরকারি অফিসের কর্মকর্তাদের ফুলশার্টের পরিবর্তে হাফশার্ট পরিধান করে অফিসে আসতে বাধা নেই মর্মে প্রজ্ঞাপন জারি হয়েছে। সোহাগ রঞ্জন পাল, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, কিশোরগঞ্জ।