ফেনসিডিলসহ আটক ভোলার সাময়িক বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ সহকারী জজ মো. জাবেদ ইমামকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ জাবেদ ইমামের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্ল¬াহ আল মামুন।শুনানিতে রুহুল কুদ্দুস বলেন, ‘ফেনসিডিলের বড় চালানসহ অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়। কোনো আসামিকে এভাবে মিডিয়ার সামনে হাজির করে স্বীকারোক্তি নেওয়া হয় না। এ থেকে প্রমাণিত মামলাটি ষড়যন্ত্রমূলক। গ্রেপ্তারের পর তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতিও চলছে। আইন অনুযায়ী একই অপরাধে দুবার শাস্তি হতে পারে না।’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন বলেন, ‘একজন বিচার বিভাগীয় কর্মকর্তার কাছে ফেনসিডিল পাওয়া গেছে বলে অভিযোগ এসেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এ পর্যায়ে জামিন মঞ্জুর করা সমীচীন হবে না।’ পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর ৩৪২ বোতল ফেনসিডিল, একটি পিস্তল ও গাড়িসহ জাভেদ ইমামকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিউ মার্কেট থানার উপপরিদর্শক নূর হোসেন বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত ১২ ডিসেম্বর জাবেদ ইমামের জামিন আবেদন খারিজ করেন। ২০ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরে হাইকোর্টে তাঁর জামিনের জন্য আবেদন করা হয়।