বিচারক পেটানো: এসপি, দুই ওসিকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বিচারককে পেটানোর অভিযোগে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে পুলিশের তিন সদস্যকে তলব করেছেন হাইকোর্ট। নিজেদের ভূমিকা জানাতে ২০ জুন তাঁদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।নরসিংদীর পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নরসিংদীর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (গোয়েন্দা শাখা) তলব করা হয়েছে।একই সঙ্গে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ছয়জন বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন শামীম আজ রিটটি করেন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।গতকাল নরসিংদী জজ আদালতের মূল ফটকে জেলা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে পেটায় পুলিশ। এ ঘটনায় আজ পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোখলেছুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।