বিচারক পেটানো: ৩ পুলিশ বরখাস্ত, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
নরসিংদী জেলা জজ আদালতের মূল ফটকে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমান আলী শেখকে পেটানোর ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান আজ সোমবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের তিন সদস্য হলেন নায়েক আবদুস সালাম, নায়েক রুহুল আমিন ও কনস্টেবল কলিমউল্লাহ।এদিকে এ ঘটনায় আজ একটি তদন্ত কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-২) আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সমন্বয়ে এক সদস্যের এই কমিটি গঠন করা হয়। আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিকে তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।গতকাল রোববার পুলিশের নির্যাতনের শিকার হন বিচারক মো. ইমান আলী শেখ। সকালে নরসিংদী জজ আদালতের মূল ফটকে ওই বিচারককে পুলিশ হেলমেট ও লাঠি দিয়ে পেটায় এবং কিল-ঘুষিও মারা হয়। ওই ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোখলেছুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।