বিচারক পেটানোর ঘটনায় পুলিশের তিন কর্মকর্তাকে হাইকোর্টে তলব
নরসিংদীতে বিচারককে পেটানোর অভিযোগের বিষয়ে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে নরসিংদী পুলিশের তিন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। তাঁরা হলেন: নরসিংদীর পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাঁদের ২০ জুন আদালতে হাজির হতে বলা হয়েছে।এদিকে বিচারককে পেটানোর ঘটনায় ডিবির ওসিসহ পুলিশের চার সদস্যের বিরুদ্ধে গতকাল নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া বিচারককে মারপিটের ঘটনায় নরসিংদী আদালতে আইনজীবীরা গতকাল কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন।হাইকোর্টে রিট: ‘বিচারককে পেটাল পুলিশ’ শিরোনামে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গতকাল বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন শামীম।আদালত শুনানি নিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে তলব ও রুল জারি করেন। রুলে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।পুলিশের তিন সদস্য সাময়িক বরখাস্ত: গত রোববার নরসিংদী জজ আদালতের মূল ফটকে যুগ্ম জেলা ও দায়রা জজ হাকিম মো. ইমান আলী শেখকে পেটায় পুলিশ। এ ঘটনায় পুলিশের তিন সদস্যকে ওই দিনই সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। বরখাস্ত হওয়া তিন পুলিশ হলেন: নায়েক মো. আবদুস সালাম, মোহাম্মদ রুহুল আমিন ও কনস্টেবল মো. কলিম উল্লাহ।মামলা: আদালতের ফটকে বিচারককে পেটানোর অভিযোগ এনে জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. রাকিবুল হাসান বাদী হয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। এজাহারে ডিবির ওসি মামুনুর রশীদসহ পুলিশের চার সদস্যের নাম উল্লেখ করা হয়। বাকি তিনজন হলেন: নায়েক আবদুস সালাম, রুহুল আমিন ও কনস্টেবল মো. কলিম উল্লাহ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও সাত-আটজন ঘটনায় জড়িত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।এজাহারে বলা হয়, যুগ্ম দায়রা জজ মো. ইমান আলী শেখ তাঁর কার্যালয়ে প্রবেশের সময় পুলিশের সদস্যরা তল্লাশি করতে চান। এ সময় তিনি পরিচয় দেন। তার পরও পুলিশের এক সদস্য বিচারকের হাতে থাকা ব্যাগ টেনে ধরেন এবং সাত-আটজন চারপাশ ঘিরে উচ্চ স্বরে ধমকাতে থাকেন। ওই সময় ডিবির ওসির নির্দেশে পুলিশের এক সদস্য বিচারকের বুকের ডান পাশে ঘুষি মারেন। পুলিশের সদস্য আবদুস সালাম, রুহুল আমিন, কলিম উল্লাহসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজন বিচারককে সামনে-পেছনে ধাক্কাতে থাকেন। একপর্যায়ে পুলিশের এক সদস্য হেলমেট দিয়ে বিচারকের মাথায় আঘাত করে জখম করেন। তখন তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বললে ডিবির ওসি মামুনুর রশীদ ক্ষিপ্ত হয়ে বলেন, ‘বিচার করলে করেন গা। এখন যান।’ এরপর ছাড়া পেয়ে বিচারক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালত এজাহারটি গ্রহণ করেন এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে ঘটনার তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ঘটনার ব্যাপারে জানতে চাইলে ডিবির ওসি মামুনুর রশীদ প্রথম আলোর কাছে দাবি করেন, বিচারকের সঙ্গে পুলিশের কনস্টেবলরা কোনো খারাপ আচরণ করেননি। তিনি বলেন, ‘ওই সময় আমি স্যারকে (বিচারক) অনুরোধ করে বলি, যদি কেউ অপরাধ করে থাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি স্যারকে নিরাপত্তা দিয়ে ভেতরে প্রবেশ করিয়েছি। এ ঘটনায় আমার কোনো সংশ্লিষ্টতা নেই। অথচ আমাকে মামলার প্রধান আসামি করা হয়েছে।’আইনজীবীদের কর্মবিরতি, বিক্ষোভ মিছিল: এ ঘটনার প্রতিবাদে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যরা গতকাল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। এ সময় আইনজীবীরা জরুরি সভা ও বিক্ষোভ মিছিল করেন এবং দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাছেদ ভূঁইয়া বলেন, ‘বিচারককে পেটানোর দায় আমরা পুরো পুলিশ বিভাগকে দিচ্ছি না। আমরা অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁদের সবাইকে অবিলম্বে চাকরি থেকে বহিষ্কারের দাবি করছি।’পুলিশের তদন্ত কমিটি থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি প্রত্যাহার: ঘটনা তদন্তে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোখলেছুর রহমানকে প্রধান করে গতকাল তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের সই করা এক অফিস আদেশে বলা হয়, গত রোববার লোকমান হোসেন হত্যা মামলার শুনানির দিন থাকায় অপ্রীতিকর ঘটনা রোধকল্পে আদালত প্রাঙ্গণে পুলিশের বাড়তি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পরিচয় দেওয়া সাপেক্ষে পকেট গেট ও মূল গেট দিয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল। সকাল নয়টা ২০ মিনিটে যুগ্ম জেলা দায়রা জজ পকেট গেট দিয়ে প্রবেশের পর একটি অপ্রীতিকর ঘটনার অবতারণা হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনা কেন ঘটল, তার দায়দায়িত্ব নির্ধারণকল্পে বিচার, প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে কমিটি গঠন করা হলো। কমিটির সদস্যরা হলেন: অতিরিক্ত পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) আলমগীর হোসেন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাছলিমা আক্তার।তিন সদস্যের এই তদন্ত কমিটি থেকে গতকাল সকালে জেলা প্রশাসকের প্রতিনিধি তাছলিমা আক্তারের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক ওবায়দুল আজম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রথমে সমঝোতার উদ্দেশ্যে যেকোনো উদ্যোগকে সহযোগিতা করার কথা বলেছিলাম। কিন্তু পুলিশ প্রশাসন থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে জেলা প্রশাসনের সম্মতি নেই।’তাছলিমা আক্তারের স্থলে তদন্ত কমিটিতে আদালত পরিদর্শক কাইয়ূমকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা পুলিশের ওসিকে মামলার প্রধান আসামি করা হয়েছে, আর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হলো। এটা প্রশ্নবিদ্ধ। আর তদন্ত কমিটিতে বিচার বিভাগের কাউকে রাখা হয়নি।আইন মন্ত্রণালয়ের কমিটি: বিচারককে শারীরিকভাবে লাঞ্ছিত ও আঘাত করার ঘটনায় গতকাল এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। তদন্তের দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-২) আবু সালেহ শেখ মো. জহিরুল হক। আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিকে তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।আসকের উদ্বেগ ও নিন্দা: আদালত চত্বরে বিচারক লাঞ্ছিত হওয়ার এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পুলিশ কর্তৃক সাংবাদিক, শিক্ষক, বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা বেড়ে চলেছে। এ ধরনের অসহিষ্ণু ও আক্রমণাত্মক আচরণ একটি গণতান্ত্রিক দেশের জন্য শুভ নয়। আসক আশা করে, সরকার সুষ্ঠু তদন্ত সাপক্ষে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং রাষ্ট্রীয় বাহিনীকে এ ধরনের আচরণ করা থেকে নিরুৎসাহিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেবে।