১৭ অতিরিক্ত বিচারক নিয়োগের বাছাই প্রক্রিয়ায় আপিল বিভাগের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই নীতিমালার অন্যতম প্রণেতা বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।বিচারক নিয়োগে এত দিন কোনো নীতিমালা ছিল না। আপিল বিভাগ এ বিষয়ে ১২ দফা নীতিমালা চূড়ান্ত করার পর এবারই প্রথম উল্লেখযোগ্যসংখ্যক বিচারক নিয়োগ করা হলো। বাংলাদেশে কেউ কখনো সরাসরি স্থায়ী বিচারক হননি। প্রথমে ৯৮ অনুচ্ছেদের আওতায় দুই বছরের মেয়াদে অতিরিক্ত বিচারক নিয়োগ করা হয়। সংবিধানে অতিরিক্ত বিচারক নিয়োগের যোগ্যতা সম্পর্কে কিছুই বলা নেই। তবে রেওয়াজ হিসেবে স্থায়ী বিচারক হওয়ার যোগ্যতা অনুসরণ করা হয়।সংবিধানে বলা আছে, সুপ্রিম কোর্টে ন্যূনতম ১০ বছরের অ্যাডভোকেট কিংবা কোনো বিচারিক পদে একই মেয়াদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।নীতিমালা: জোট সরকারের আমলে বাদ পড়া ১০ জন অতিরিক্ত বিচারকের মামলায় হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ ২০০৮ সালে উচ্চ আদালতের বিচারক নিয়োগে ১২ দফা নীতিমালা প্রণয়ন করেন। আপিল বিভাগ গত বছর এই নীতিমালা কিছুটা সংশোধন করেন। এতেও ১২ দফা রয়েছে। নিয়ম হলো আপিল বিভাগ নির্দিষ্টভাবে যা সংশোধন বা বাদ দেননি, সে ক্ষেত্রে হাইকোর্টের রায় মানা বাধ্যতামূলক।অনুসন্ধান: হাইকোর্টের নীতিমালায় সুপ্রিম কোর্টে ১০ বছরের অ্যাডভোকেট ও ১০ বছরের বিচারিক কাজের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপিল বিভাগ এই ব্যাখ্যা গ্রহণ করেছেন। এতে বলা আছে, ‘কাগজে-কলমে আইনজীবী হিসেবে ১০ বছর নাম লিখিয়ে রাখলেই ‘সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট’ হওয়া যাবে না। দেখতে হবে ১০ বছর তিনি কী করেছেন। আর জেলা জজের ক্ষেত্রে দেখতে হবে তিনি কোনো নির্বাহী পদে প্রেষণে সময় কাটিয়েছেন কি না। প্রার্থীর অবশ্যই চমৎকার শিক্ষাগত যোগ্যতা, সুপ্রিম কোর্টে অব্যাহতভাবে ও স্বতন্ত্রভাবে মামলা পরিচালনার রেকর্ড থাকতে হবে। এমনকি আপিল বিভাগেরও আইনজীবী হতে হবে।প্রথম আলোর অনুসন্ধানে দেখা যাচ্ছে, এবার নিয়োগপ্রাপ্তদের অনেকের সেই যোগ্যতার অভাব রয়েছে। অনেকেরই আপিল বিভাগের আইনজীবী হিসেবে সনদ কিংবা ওকালতির কোনোই অভিজ্ঞতা নেই। যেমন আবু জাফর সিদ্দিকী কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি হাইকোর্টে নাম লেখান ১৯৯৮ সালে। বারের সদস্যপদ পান ২০০২ সালে। এর মধ্যে তিনি ’৯৬ থেকে ২০০১ পর্যন্ত কুষ্টিয়ায় যথাক্রমে এপিপি ও বিশেষ পিপি হিসেবে কাজ করেন। নীতিমালা অনুযায়ী আবু জাফর সিদ্দিকীর নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কারণ, তাঁর অভিজ্ঞতা আট বছরের। এর আগে আবু জাফর সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেনের নিয়োগের প্রস্তাব অগ্রাহ্য করেন সাবেক প্রধান বিচারপতি। জনাব জাহাঙ্গীর ২০০১ সালে ঢাকা মহানগর আদালতে পিপি ছিলেন। হাইকোর্টে তাঁর নিরবচ্ছিন্ন ওকালতির ১০ বছর হয়নি। এমন আরও আছেন, যাঁরা শুধু হাইকোর্টেও ১০ বছরের ওকালতির উপযুক্ত প্রমাণ দিতে পারবেন না। প্রধান বিচারপতির পরামর্শ: নতুন নীতিমালায় বিচারক নিয়োগ ও বিচারক বাছাইয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয়েছে। বলা হয়, ‘বিচারক বাছাইয়ে প্রার্থীর আইনগত সূক্ষ্ম বিচারশক্তি বিষয়ে তথ্য দেবেন প্রধান বিচারপতি এবং সেটাই প্রাধান্য পাবে। অন্যদিকে সরকার দেবে প্রত্যেকের পূর্ববৃত্তান্ত। উভয়ের চেষ্টায় ‘সবচেয়ে যোগ্য ব্যক্তিকে’ খুঁজে বের করতে হবে। প্রক্রিয়াটি হতে হবে স্বচ্ছ। এ ক্ষেত্রে এসবের কোনোটিই নিশ্চিত করা হয়নি।হাইকোর্টের নীতিমালায় ছয়জনের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতিকে তাঁর মতামত তৈরির বিষয়ে বলা আছে। এই ছয়জন হলেন আপিল বিভাগ ও হাইকোর্টের জ্যেষ্ঠতম দুজন করে চার বিচারপতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল।আপিল বিভাগ বলেছেন, বিচারক নিয়োগসংক্রান্ত পুরো প্রক্রিয়া হতে হবে লিখিত। তবে এটি প্রকাশ করা যাবে না। কিন্তু দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, এ ধরনের লিখিত পরামর্শের ঘটনা ঘটেনি। বিচারক বাছাই-প্রক্রিয়া সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আইনগত দক্ষতা নিরূপণে কোনো ধরনের স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, বিচারক বাছাইয়ে তাঁর সঙ্গে পরামর্শ করা হয়নি। হাইকোর্টের নীতিমালায় কখন, কতজন বিচারক লাগবে এবং সম্ভাব্য বিচারকদের প্রথম তালিকা প্রধান বিচারপতির দপ্তর থেকেই তৈরি হবে বলে উল্লেখ করা হয়। আপিল বিভাগও তা বহাল রাখেন। কিন্তু সুপ্রিম কোর্টে প্রাথমিক তালিকা তৈরির কোনো তৎপরতাই এবারে নজরে আসেনি। অ্যাটর্নি জেনারেল দপ্তর সূত্র বলেছে, বিচারক নিয়োগে কোনো ধরনের লিখিত মতামত চাওয়া বা দেওয়া হয়নি।অধস্তন আদালতে হতাশা: ১৭ জনের মধ্যে এবার ১৪ আইনজীবী এবং অধস্তন আদালত থেকে মাত্র তিন জেলা জজকে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রেও রেওয়াজ লঙ্ঘিত হয়েছে। অতীতে ১০ জন বিচারক নিয়োগ করা হলে তিনজন জেলা জজ নেওয়া হতো। এবার ওই তিনজনের মধ্যে নারী কোটাও পূরণ করা হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার চুক্তিতে ছিলেন। ইতিহাসে তিনিই হলেন প্রথম চুক্তিভিত্তিক রেজিস্ট্রার। তখনই ধারণা করা হয়, সরকারের আশীর্বাদ রয়েছে। এবার তাঁকে বিচারক করায় সেই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে দুই শতাধিক জেলা জজ রয়েছেন, যাঁদের চাকরির মেয়াদ ২৫ বছরের বেশি। শিক্ষাজীবনে তাঁদের অনেকেরই একাধিক প্রথম শ্রেণী রয়েছে। অধস্তন আদালত থেকে তিনজন বাছাইয়ে কোনো নিয়ম অনুসরণ করা হয়নি। অন্যদিকে ১৪ জনের মধ্যে ছয়জনের আইনজীবী হিসেবে অভিজ্ঞতা নথিপত্রেই ১৫ বছরের নিচে। কেউ শিক্ষাজীবনে একটি তৃতীয় বিভাগ পেলে অধস্তন আদালতের সহকারী বিচারক হতে পারেন না। অথচ এবারও একাধিক ব্যক্তি একাধিক তৃতীয় বিভাগ নিয়ে হাইকোর্টের বিচারক হতে পেরেছেন। পূর্ববৃত্তান্ত: ১৭ অতিরিক্ত বিচারকের মধ্যে রুহুল কুদ্দুস জাসদ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রশিবিরের কর্মী আসলাম খুনের এক নম্বর আসামি ছিলেন তিনি। এ মামলায় তাঁকেসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ অবস্থায় তাঁকে বিচারক নিয়োগের আগমুহুর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো মামলা প্রত্যাহার না করে রুহুল কুদ্দুসসহ কয়েকজনের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। ১৭ জনের আরেকজন মো.খসরুজ্জামান সুপ্রিম কোর্টে ভাঙচুরে অংশ নিয়েছিলেন, এমন ছবি পত্রিকায় ছাপা হয়েছে। তিনি বারের সাবেক সভাপতি মেসবাহ উদ্দিনের জামাতা। আগের আওয়ামী লীগ সরকারের সময় তাঁকে অতিরিক্তি বিচারক করা হয়েছিল। জোট সরকার তাঁর নিয়োগ স্থায়ী করেনি। নিয়োগপ্রাপ্ত এম ফারুককে বিগত অন্তত তিন প্রধান বিচারপতি এই পদে অগ্রাহ্য করেছিলেন। ’৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। একই সময়ে অপর অতিরিক্ত বিচারক আবদুর রব ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল। উভয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে।বৈধতার প্রশ্ন: জানতে চাওয়া হলে বিশিষ্ট আইনবিদ শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে উল্লিখিত স্বচ্ছতা এখানে অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। প্রত্যেকের বিষয়ে বিস্তারিত মূল্যায়ন প্রধান বিচারপতিকে জানাতে হবে। তিনি যদি এই মূল্যায়ন সম্পূর্ণ এককভাবে করেন, তাহলে তা স্বচ্ছ প্রক্রিয়ার অন্তর্গত হবে না। ১০ বিচারক নিয়োগ মামলার সঙ্গে আমি শুরু থেকেই জড়িত ছিলাম। এর অন্তর্নিহিত লক্ষ্যই ছিল সরকারের প্রভাবমুক্ত বিচারক নিয়োগ। যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁরা প্রায় সবাই সরকারি দল ঘেঁষা। সে জন্য এই নিয়োগ প্রভাবমুক্ত হয়েছে কি না, সে বিষয়ে অনেকেই সন্দিহান।’