বিচারককে পেটানোর দায়ে ৮ পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ
নরসিংদীতে আদালতের মূল ফটকে বিচারককে পেটানোর ঘটনায় পুলিশের আট সদস্যকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা এ নির্দেশ দেন।১০ জুন নরসিংদী জজ আদালতের মূল ফটকে জেলা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে পুলিশের হেলমেট ও লাঠি দিয়ে পেটানো হয়। দেওয়া হয় কিল-ঘুষি। বিচারক, আইনজীবী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই দিন নরসিংদী জেলা আদালতে পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার শুনানি ছিল। এ জন্য আদালত প্রাঙ্গণে ছিল অতিরিক্ত পুলিশ। আদালতের মূল ফটকে পুলিশ সবাইকে তল্লাশি করে ভেতরে ঢোকায়। সকাল সোয়া নয়টার দিকে প্রবেশপথে কর্তব্যরত পুলিশ তাঁর (বিচারক ইমান আলী শেখ) ব্যাগটি তল্লাশি করতে চাইলে তিনি পরিচয় দেন। পুলিশ পরিচয়পত্র দেখতে চাইলে বিচারক ইতস্তত বোধ করেন এবং আবারও নিজের পরিচয় দেন। কিন্তু পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ। বিচারক ইমান আলী পরিচয়পত্র বের করতেই অন্য এক পুলিশ সদস্য ফটকে আসেন। ‘তর্ক হচ্ছে কেন’ বলেই বিচারককে পুলিশের হেলমেট দিয়ে আঘাত করেন। এ সময় আরও দুই পুলিশ সদস্য এসে তিনজন মিলে বিচারককে কিল-ঘুষি দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। দ্রুত নরসিংদী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এগিয়ে আসেন। পরিচয় নিশ্চিত হয়ে বিচারককে আদালতে প্রবেশ করতে দেন।ঘটনার পরের দিন জেলা দায়রা জজ আদালতের নাজির রাকিবুল হাসান চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে আদালতে একটি মামলা করেন।এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলাম ছয় দিনের মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে বিচারককে পেটানোর সত্যতা পান। এরই পরিপ্রেক্ষিতে আজ আদালত মামলার প্রধান আসামি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের আট সদস্যকে ২৭ জুনের মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিনকে নির্দেশ দেন। এ ছাড়া এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোখলেছুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি তাঁদের তদন্তকাজ চালিয়ে যাচ্ছে।