বিচারককে মারধর: ৪ পুলিশ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বিচারক মো. ইমান আলী শেখকে পেটানোর ঘটনায় আজ মঙ্গলবার অভিযুক্ত আট পুলিশের মধ্যে চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাকিদের জামিন মঞ্জুর করেন মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা।কারাগারে পাঠানো চার পুলিশ সদস্য হলেন—নায়েক আবদুস সালাম, কনস্টেবল কলিম উদ্দিন, সাইফুল ইসলাম ও সঞ্জয় কুমার। আর জামিনপ্রাপ্তরা হলেন, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ, কনস্টেবল মোখলেছুর রহমান, মাহবুবুর রহমান ও শহিদুল ইসলাম। আজ বেলা সাড়ে তিনটার দিকে অভিযুক্ত এই আট পুলিশ সদস্য জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত এই আদেশ দেন। ১০ জুন নরসিংদী জেলা আদালতে পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার শুনানি ছিল। এ জন্য আদালত প্রাঙ্গণে ছিল অতিরিক্ত পুলিশ। আদালতের মূল ফটকে পুলিশ সবাইকে তল্লাশি করে ভেতরে ঢোকায়। সকাল সোয়া নয়টার দিকে প্রবেশপথে কর্তব্যরত পুলিশ তাঁর (বিচারক ইমান আলী শেখ) ব্যাগটি তল্লাশি করতে চাইলে তিনি পরিচয় দেন। পুলিশ পরিচয়পত্র দেখতে চাইলে বিচারক ইতস্তত বোধ করেন এবং আবারও নিজের পরিচয় দেন। কিন্তু পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ। বিচারক ইমান আলী পরিচয়পত্র বের করতেই অন্য এক পুলিশ সদস্য ফটকে আসেন। ‘তর্ক হচ্ছে কেন’ বলেই বিচারককে পুলিশের হেলমেট দিয়ে আঘাত করেন। এ সময় আরও দুই পুলিশ সদস্য এসে তিনজন মিলে বিচারককে কিল-ঘুষি দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে দ্রুত নরসিংদী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এগিয়ে আসেন। পরিচয় নিশ্চিত হয়ে তিনি বিচারককে আদালতে প্রবেশ করতে দেন।ঘটনার পরের দিন গোয়েন্দা পুলিশের ওসিসহ চারজনের নাম উল্লেখ করে এবং সাত-আটজনকে অজ্ঞাত উল্লেখ করে আদালতে মামলা করেন দায়রা জজ আদালতের নাজির রাকিবুল হাসান। মামলা গ্রহণ করে মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে দায়িত্ব দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেন।১৯ জুন দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে ওই আটজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে অভিযুক্তদের ২৭ জুনের মধ্যে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। আজ আসামিদের আত্মসমর্পণের পর আদালতে তাঁদের আইনজীবী এস এ হাদী বলেন, জজ সাহেবও সরকারি চাকরিজীবী, অভিযুক্তরাও সরকারি চাকরিজীবী। সবাই যে যাঁর দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো পুলিশ সদস্যরা ভুল করেছেন। তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করে জামিন আবেদন করেছেন।শুনানি শেষে আদালত চারজনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠান।