বিচারককে হত্যার হুমকি
আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক মামলার বিচারক চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এস এম মজিবুর রহমানকে মৃত্যুর হুমকি দিয়ে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ডাকযোগে ওই চিঠি ও কাফনের কাপড় মহানগর দায়রা জজ আদালতে পৌঁছায় বলে আদালত সূত্রে জানা যায়। সূত্র জানায়, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের গুণকীর্তন করে চিঠিটি লেখা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় বাবরকে যদি সাজা দেওয়া হয়, তবে ওই বিচারককে যেখানে পাওয়া যাবে, সেখানে রিমোট কন্ট্রোল বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। বিচারকের উদ্দেশে চিঠিতে বলা হয়েছে, ‘এটা আপনার মৃত্যুর নোটিশ।’ চিঠিতে প্রেরক হিসেবে নাম লেখা রয়েছে—মো. শহীদ মিয়া। প্রেরকের ঠিকানা লেখা হয়েছে—সনি সুপার মার্কেট, মিরপুর-২, ঢাকা-১২১৬। চিঠিটি নেত্রকোনার জনগণের পক্ষে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। ৩ অক্টোবর ঢাকা থেকে চিঠিটি পাঠানো হয়েছে। এ ব্যাপারে স্থানীয় আদালত কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জামায়াতের আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, এনএসআই ও ডিজিএফআইয়ের অভিযুক্ত কর্মকর্তাদের বিচার এস এম মজিবুর রহমানের আদালতে চলছে।