বিচারককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আদালতের যুগ্ম জজ জান্নাতুল ফেরদৌসকে গ্রেনেড মেরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ নামের এক যুবককে পুলিশ আজ মঙ্গলবার গ্রেপ্তার করেছে।গতকাল সোমবার ডাকযোগে পাঠানো একটি চিঠিতে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ফরিদ আহমদ কোতোয়ালি থানায় একটি মামলা করলে পুলিশ আবু সাঈদকে আদালত ভবন এলাকা থেকে গ্রেপ্তার করে।আদালত সূত্র জানায়, বিচারক জান্নাতুল ফেরদৌস ৭ মার্চ এক রায়ে মোহাম্মদ হারুনুর রশিদ নামের এক ব্যক্তিকে চার বছরের কারাদণ্ড দেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। হারুন হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়ার পর ওই মামলা করা হয়। হুমকি প্রদানকারী আবু সাঈদ দণ্ডাদেশ পাওয়া হারুনুর রশিদের ভাই। হারুন এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দী বলে জানা গেছে।সূত্র জানায়, ওই রায়ে ক্ষিপ্ত হয়ে আবু সাঈদ স্বনামে চিঠি লিখে তা রেজিস্টার্ড ডাকযোগে বিচারকের কাছে পাঠান। চিঠিতে বিচারককে হত্যার হুমকি দিয়ে বলা হয়, ‘আগামী ২৭ চৈত্র (১০ এপ্রিল) সকাল ১১টায় আদালত প্রাঙ্গণে জান্নাতুল ফেরদৌসকে বোমা মেরে হত্যা করব ইনশাল্লাহ।’ এই চিঠিতে আবু সাঈদের সই রয়েছে। সইয়ের নিচে জেএমবি সদস্য, চট্টগ্রাম অঞ্চল উল্লেখ আছে।রেজিস্টার্ড খামে র্যাব-৭-এর পরিচালককে উদ্দেশ করে টাইপ করে লেখা অন্য একটি চিঠি ছিল। এতে তাঁর ভাইয়ের বিরুদ্ধে মামলার রায় প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে। এই চিঠিতে বলা হয়, ‘জান্নাতুল ফেরদৌস ৭ মার্চ মিথ্যা আদেশ দিয়ে আমার ভাই মোহাম্মদ হারুনুর রশিদকে চার বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আইনজীবী ও আদালতের কর্মচারীরা আবু সাঈদকে শনাক্ত করেন। চিঠিতে যে সই আছে, সেটা সাঈদের বলে মনে হচ্ছে। আর সাঈদ জেএমবির জঙ্গি কি না, সেটা আমরা তদন্ত করে দেখছি।’