বিচারকদের পরিশ্রমী হতে হবে: প্রধান বিচারপতি
ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের পরিশ্রমী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ শনিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সম্মেলনের চতুর্থ দিনে তিনি এ আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকেরা আল্লাহ ও মানুষের কাছে দায়বদ্ধ। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁদের উদ্যোগী হতে হবে। বিচারিক কর্মকর্তাদের নৈতিক মান বজায় রাখতে হবে। শুনানি শুরুর আগে নথি পর্যালোচনা করতে হবে।’ মামলাজট নিরসনে ২০০৫ সালের আগের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।এ ছাড়াও সম্মেলনে প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কর্মকর্তারা এজলাস ও বিচারকসংকট, পরিবহন সমস্যা ও পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ার বিষয়ে অবহিত করলে প্রধান বিচারপতি সমস্যা নিরসনে সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলেও জানা গেছে।সম্মেলনে সারা দেশ থেকে আসা ৭৫ জন জ্যেষ্ঠ বিচারিক হাকিমসহ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত ২২ অক্টোবর বিচার বিভাগীয় ও সমমর্যাদার কর্মকর্তাদের সমন্বয়ে এ সম্মেলন শুরু হয়। সম্মেলন সপ্তাহের শুক্র ও শনিবার অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১২ নভেম্বর তা শেষ হওয়ার কথা।