বিচারকদের পেশাদারি মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারি মনোভাব নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ওসমানী মিলনায়তনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৮তম সম্মেলন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া নির্ভর করে বিচারকদের প্রজ্ঞার ওপর। সামান্য ভুল সিদ্ধান্তে একজন বিচারপ্রার্থীর জীবনে সর্বনাশ নেমে আসতে পারে। এজন্য বিচারকাজ পরিচালনার সময় বিচারকদের সব ধরনের ভয়-ভীতি, রাগ-অনুরাগ এবং আবেগ পরিহার করে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করতে হবে।প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের অপরিহার্যতার কথা উল্লেখ করে বলেন, গণতন্ত্র না থাকলে আইনের শাসন যেমন সুপ্রতিষ্ঠিত হয় না, তেমনি আইনের শাসন না থাকলে গণতন্ত্র টেকসই হয় না।বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ রুদ্ধ করা হয়েছিল। দেশের সর্বোচ্চ আদালতকেও কলুষিত করা হয়েছিল। তিনি বলেন, বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস থেকেই দীর্ঘ ২১ বছর পর কোনো ধরনের ট্রাইব্যুনাল না করে প্রচলিত আদালতেই বঙ্গবন্ধু হত্যার বিচার করা হয়েছে। সে সময় অনেকেই বিশেষ ট্রাইব্যুনাল করে খুনিদের বিচার করার পরামর্শ দিয়েছিলেন। এ সময় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, আইনমন্ত্রী শফিক আহমেদ, প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব আনোয়ারুল হক ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ উপস্থিত ছিলেন। —বাসস