বিচারকদের বাছাই তালিকা প্রকাশ করুন
কলামিস্ট, গবেষকনিম্ন আদালতে বিচারক নিয়োগ হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, পদোন্নতি হয় যোগ্যতা প্রমাণের ধারাবাহিক ও আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। তাঁদের দক্ষতা-অদক্ষতা, সততা-দুর্বলতা নিরীক্ষণের দায়িত্বে থাকেন উচ্চ আদালতের বিচারকেরা। অথচ সে উচ্চ আদালতের বিচারকেরা নিযুক্ত হন সরাসরি যোগ্যতা প্রমাণের কোনো পরীক্ষায় অবতীর্ণ হওয়া ব্যতিরেকে। সংবিধানের ৯৫(২) অনুচ্ছেদে যে যোগ্যতার কথা বলা হয়েছে, তা হলো ন্যূনতম যোগ্যতা, যা না থাকলে কাউকে উচ্চ আদালতে বিচারক হিসেবে নিয়োগ দিতে সরকার ভাবতে পারে না। এটা সর্বোচ্চ যোগ্যতা নয়। এখানে বিচারক হতে গেলে বিদ্যার আনুষ্ঠানিক পরীক্ষায় পাস করা লাগে না, পাস করতে হয় সরকারের পছন্দ-অপছন্দের পরীক্ষায়।গণতন্ত্রে দলীয় সরকার থাকবে, এটাই স্বাভাবিক। দলীয় সরকারের অর্থ এই নয় যে দেশের সর্বমহলে, সর্বপদে অযোগ্য দলীয় লোক সমাসীন হবে (দলীয় কিন্তু যোগ্য ও গুণবান লোকদের কথা ভিন্ন)। দলীয় সরকারের অর্থ এই নয় যে উচ্চ আদালতের বিচারক হিসেবে সব দলীয় আইনজীবীকে নিয়োগ দেবে, যাঁদের যোগ্যতা ও ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ। গত দুই দশকে এভাবে দলীয় বিবেচনায় উচ্চ আদালতে নিযুক্ত একাধিক বিচারকের ভূমিকা ছিল বিতর্কিত। তাঁরা যে দলীয় মানুষ, এ পরিচয়ের ঊর্ধ্বে তাঁরা কখনো উঠতে পারেননি। তাঁদের কর্মকাণ্ড বিচার বিভাগের মর্যাদা ও মানকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। সে জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা চাইছি, হাইকোর্টের অস্থায়ী বিচারক হিসেবে সরকার যাঁদের নিয়োগ দেবে, তাঁদের নামের তালিকা যেন আনুষ্ঠানিক নিয়োগের আগে জনসমক্ষে প্রকাশ করা হয়। মনে রাখতে হবে, উচ্চ আদালত গোটা বিচার-ব্যবস্থার অভিভাবক। জনগণের আস্থা ও নির্ভরতার সর্বশেষ আশ্রয়স্থল। সেখানে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া দরকার—যাঁরা চরিত্র, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষায় বিশিষ্টজন। তাঁদের সম্পর্কে সাধারণ মানুষের থাকবে না কোনো সন্দেহ বা প্রশ্ন। সম্ভাব্য বিচারকের তালিকা প্রকাশ হলে তাঁদের যোগ্যতা-দক্ষতা-চরিত্র সম্পর্কে জনমনে বা আইনজীবী মহলে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকলে সরকার তা জানার সুযোগ পাবে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে। ফলে উচ্চ আদালতের স্বচ্ছতা ও মর্যাদা সুরক্ষিত হবে। এ ক্ষেত্রে সরকার চাইলে আইনজীবীদের মতামতও নিতে পারে। তা ছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে এমন অনেক সত্, দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী আছেন, যাঁরা দলীয় পরিচয়ে পরিচিত নন। অথচ নিজ পেশায় কর্মগুণে সুখ্যাত। জজ কোর্টগুলোয় এমন অনেক সত্, দক্ষ ও মেধাবী আইনজীবী আছেন, যাঁদের অভিজ্ঞতা প্রায় ২০ থেকে ২৫ বছরের। সরকার চাইলে তাঁদের মধ্য থেকেও উচ্চ আদালতের কাঙ্ক্ষিত বিচারক নিয়োগ দিতে পারে। তা ছাড়া স্বচ্ছতা প্রমাণে শুধু বিচারকদের নামের তালিকা প্রকাশ নয়, আমরা চাই তাঁদের জীবনবৃত্তান্ত, সম্পদের বিবরণী সরকার জনসমক্ষে প্রকাশ করুক।উচ্চ আদালতের ওপর মানুষের এখনো অগাধ আস্থা। আস্থার সে ভিত নড়ে গেলে শুধু গণতন্ত্র কেন, রাষ্ট্রে কোনো প্রকার সুশাসন প্রতিষ্ঠাও অসম্ভব। সব পেশা এখন রাজনীতিগ্রস্ত। সব পেশাজীবী এখন রাজনৈতিকভাবে বিভক্ত। আমরা চাই, মহান এ বিচারিক পেশাটি অন্তত রাজনীতির কালো থাবা থেকে মুক্ত থাকুক। এটা কিন্তু গণতান্ত্রিক সরকারেরই কর্তব্য। দুর্ভাগ্য আমাদের, এটা চেয়ে নিতে হচ্ছে। দাবি আকারে পেশ করতে হচ্ছে। আশা করছি, সরকার এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। তাতে হবে কী, পরে যে সরকারই আসুক না কেন, তারও একই পথে না হেঁটে উপায় থাকবে না।আমি আশাবাদী এ কারণে যে একটা তালিকা প্রকাশ করা খুবই সহজ এবং অনেকটা নিখরচা কাজ। জনগণের এ ন্যূনতম দাবিকে সরকার যদি অবজ্ঞা করে, তবে তারা মনে করবে, নিশ্চয়ই সরকারের কোনো দুর্বলতা আছে। যেহেতু এ সরকার বিপুল জনভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের আবেগ-অনুভূতিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।