বিচারকদের বেতন-ভাতা নিয়ে আদেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সদিচ্ছা থাকলে সকালে সিদ্ধান্ত হয়, বিকেলে অর্ডিন্যান্স হতে দেখা গেছে। জুডিশিয়ারির জন্য যত কষ্ট, অন্য জায়গায় অত কষ্ট হয় না। ক্ষমতা থাকলেও লাগে, না থাকলেও লাগে। আদালতে সবাইকে আসতে হয়।’আজ সোমবার সকালে অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি শুনানিতে আপিল বিভাগ এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়। কাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন বলে আদালত জানিয়েছেন।গত ১৪ মার্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাসংক্রান্ত একটি কাঠামো আদালতে দাখিল করা হয়। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ কিছু সংশোধনের কথা উল্লেখ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করে দেন।আজ সকালে শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘একটি আবেদন দাখিল করা হবে।’আদালত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, ‘আপনারা বলেন, আপনারা আদালতের আদেশ শুনবেন না। যেকোনো দিন আবেদন ফাইল করতে পারতেন। প্রয়োজন হলে সময় চাইতে পারতেন। সরকারের সদিচ্ছা থাকলে সকালে সিদ্ধান্ত হয়, বিকেলে অর্ডিন্যান্স হতে দেখেছি। আদালতের প্রতি এ ধরনের মনোভাব সহজভাবে নেওয়া যায় না। আপনারা আদালতের আদেশ বাস্তবায়ন করেননি।’ আদালত বলেন, ‘আজ সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল আছেন। আবার বিবাদীপক্ষে আমীর উল ইসলাম রয়েছেন। পরিবর্তন হলে অ্যাটর্নি জেনারেল অপর পক্ষে দাঁড়াতে পারেন। আদালতের আদেশ বাস্তবায়ন করবেন। আজকেই আবেদন করবেন। কাল আদেশের জন্য রাখা হলো।’শুনানির এই পর্যায়ে মূল আবেদনের পক্ষের আইনজীবী আমীর উল ইসলাম বলেন, ‘সংবিধান ও মাসদার হোসেনের মামলার রায়ের আলোকে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ মানা বাধ্যকর। এটি একটি চলমান প্রক্রিয়া।’পরে আবেদনের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল প্রথম আলো ডটকমকে বলেন, ‘সময় চেয়ে আবেদন করার কথা।’অ্যাটর্নি জেনারেল গত ১৪ মার্চ প্রথম আলো ডটকমকে বলেছিলেন, বেতন-ভাতা বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব আদালতে দাখিল করা হয়। ওই প্রস্তাব সংশোধন সাপেক্ষে গ্রহণ করেছেন আদালত। প্রস্তাবে জেলা জজদের ও সমপদমর্যাদার সংখ্যা ২২ উল্লেখ করা হয়। সংখ্যা বাদ দিয়ে তা সংশোধন করে আদালত বলেছেন, পাঁচ বছর অতিক্রান্ত হলে গ্রেড ওয়ানে উন্নীত হবেন। বিচারকেরা ৫০ শতাংশ ভাতা পেতেন। প্রস্তাবে ওই ভাতা ২০ শতাংশ করার কথা বলা হয়। আদালত এ ক্ষেত্রে ৩০ শতাংশ জুডিশিয়াল ভাতা উন্নীত করার কথা বলেছেন। জানা যায়, মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে বিচার বিভাগ ২০০৭ সালে যাত্রা শুরু করে। পরে কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে ওই পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এটা বাস্তবায়নের জন্য সরকারপক্ষকে সময় দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিত্সা, পোশাক-ভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও সুপারিশে উল্লেখ করা হয়।