বিচারকদের বেতন-ভাতা বিষয়ে আদেশ ২৫ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ২৫ এপ্রিল আদেশ দেবেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ১০ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশের এ তারিখ ধার্য করেন।গত ১৪ মার্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাসংক্রান্ত একটি কাঠামো আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ কিছু সংশোধনের কথা উল্লেখ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলে তারিখ ধার্য করেন ১৫ এপ্রিল। ওই দিন রাষ্ট্রপক্ষ একটি আবেদন দাখিলের কথা বলে। পরে ১৬ এপ্রিল রাষ্ট্রপক্ষ আবেদন দাখিল করে।ওই আবেদনে ‘জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতা, প্রজ্ঞাপন জারির পরিবর্তে আইন প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করা যথাযথ হবে’ উল্লেখ করা হয়। এ বিষয়ে অ্যামিকাস কিউরিদের (আদালতের আইনি সহায়তাকারী) বক্তব্য শোনা হবে এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে জানিয়ে ওই দিন আদালত শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেন।এরই ধারাবাহিকতায় গতকাল রোববার ও আজ আবেদনের ওপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মাসদার হোসেন মামলার পক্ষে প্রধান কৌঁসুলি এম আমীর উল ইসলাম শুনানি করেন।এ ছাড়া অ্যামিকাস কিউরি হিসেবে আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, রফিক-উল হক, এ এফ হাসান আরিফ, রোকনউদ্দিন মাহমুদ ও তৌফিক নেওয়াজ মতামত তুলে ধরেন।ড. কামাল হোসেন, রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ এবং এ এফ হাসান আরিফ অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সংসদে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নেই বলে মত দেন। অপর অ্যামিকাস কিউরি টি এইচ খান বলেন, মাসদার হোসেন মামলার রায়ের আলোকে প্রজ্ঞাপন জারি হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই প্রজ্ঞাপন জারি হয়। রায়ের পর জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন একটি সুপারিশ করেছে। আদালত তা সংশোধন করে দিয়েছেন। তাই তা মানা বাধ্যকর। তবে অক্ষরে অক্ষরে তা মানতে হবে, এমন কোনো কথা নেই।আইনজীবী তৌফিক নেওয়াজ শুনানিতে কিছু প্রশ্ন উপস্থাপন করেন।জানা যায়, মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে বিচার বিভাগ ২০০৭ সালে যাত্রা শুরু করে। পরে কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে ওই পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এটা বাস্তবায়নে সরকারপক্ষকে সময় দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিত্সা, পোশাক-ভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও সুপারিশে উল্লেখ করা হয়।