বিচারকদের সঙ্গে আজ বসছেন মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সাম্প্রতিক সংকট নিরসনের লক্ষ্যে জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছেন।একচ্ছত্র ক্ষমতা হস্তগত করে ডিক্রি জারি করার পর থেকে গোটা মিসর ক্ষোভে ফুঁসে ওঠে। গত শুক্রবার থেকে কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারে শুরু হয় হাজারো জনতার বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, মিসরীয় বিপ্লবকে ছিনতাই করে মুরসি এখন নতুন হোসনি মোবারক হতে চলেছেন।মুরসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। এ বছর মিসরে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত দল জয়লাভ করে। প্রেসিডেন্টের জারি করা নতুন এই ডিক্রি এর মধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুডের জনসমর্থনকে ক্ষতিগ্রস্ত করেছে।মুসলিম ব্রাদারহুডের ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার নীল নদের তীরবর্তী শহর দামানহরে মুসলিম ব্রাদারহুডের এক কার্যালয়ে জনতার হামলায় ব্রাদারহুডের একজন কর্মী নিহত হয়েছেন। এই হামলায় কমপক্ষে ব্রাদারহুডের ৬০ জন কর্মী আহত হন।জারি করা এই ডিক্রির ব্যাপারে মিসরের বিচার বিভাগ প্রেসিডেন্ট মুরসির সঙ্গে কোনো বিরোধে যাবে না বলে মনে করা হচ্ছে। তবে বিরোধীরা মনে করছেন, এই ডিক্রি পুরোপুরি বাতিল করা না হলে মিসরের নব-প্রতিষ্ঠিত গণতন্ত্র হুমকির মুখে পড়বে।বিচার বিভাগীয় সর্বোচ্চ পরিষদ অবশ্য প্রেসিডেন্ট মুরসির এই ডিক্রি কেবলমাত্র ‘সার্বভৌমত্ব’-এর ব্যাপারে প্রয়োগ করা হবে বলে আশ্বস্ত করেছে। প্রেসিডেন্ট এই ডিক্রি জারির মাধ্যমে সাধারণ বিচারিক কর্মকাণ্ডে কোনো হস্তক্ষেপ করবেন না বলেই জানান তাঁরা। এই ডিক্রি জারির প্রতিবাদে যেসব আইনজীবী কর্মবিরতি পালন করছেন, ওই পরিষদ তাঁদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।মুরসির দপ্তর থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের জারি করা এই ডিক্রি স্থায়ী কিছু নয়। প্রেসিডেন্ট সবার সঙ্গে আলোচনা করে, সবার মতামতের ভিত্তিতেই মিসরের নতুন সংবিধান প্রণয়ন করতে চান।