বিচারকসহ তিনজনকে আদালতে তলব
ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এবং মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার দুই তদন্ত কর্মকর্তাকে ২৬ নভেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সন্ত্রাসবিরোধী আইনে করা দুটি মামলার তদন্ত ও অভিযোগ আমলে নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ার কারণ ব্যাখ্যা করতে ওই দিন তাঁদের হাজির হতে বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুই তদন্ত কর্মকর্তা হলেন: শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও মোহাম্মদপুর থানার কামরুজ্জামান বিশ্বাস।আদালত সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনে চলতি বছরের ২৬ জুন মোহাম্মদপুর থানায় ও ১১ জুন শেরেবাংলা নগর থানায় দুটি মামলা হয়। মোহাম্মদপুর থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য নূর মোহাম্মদ ও সাফায়েত জামিল ৩ নভেম্বর এবং শেরেবাংলা নগর থানার মামলায় মো. আরিফুল ইসলাম ও আরিফুল করিম ১৮ অক্টোবর হাইকোর্টে জামিনের আবেদন করেন। মোহাম্মদপুর থানার মামলায় ৮ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়; ৪ অক্টোবর তা আমলে নেন আদালত। শেরেবাংলা নগর থানার মামলায় ২৬ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়; ২০ সেপ্টেম্বর তা আমলে নেন আদালত। জামিন আবেদনের ওপর আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশিদ। পরে কুমার দেবুল দে প্রথম আলো ডটকমকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ৪০-এর ১ ও ২ নম্বর ধারা অনুসারে তদন্ত করার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা জেলা প্রশাসকের অনুমতি নেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর বিচারিক আদালত অভিযোগ আমলে নেবেন। কিন্তু এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। আদালত ওই তিনজনকে ২৬ নভেম্বর এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য হাজির হতে বলেছেন। একই সঙ্গে আসামিদের কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আদালত সূত্র জানায়, মামলা দুটি এখন সাক্ষ্য নেওয়ার পর্যায়ে রয়েছে। বিচারকসহ ওই দুই তদন্ত কর্মকর্তাকে হাজির হতে বলার বিষয়টি জানিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মামুনুর রশিদ প্রথম আলো ডটকমকে জানান, ২১ নভেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।