আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করলেও বিচারাধীন মামলাগুলোর বিচারকাজ অব্যাহত রাখতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ওই ট্রাইব্যুনালে বিচারকাজ যে পর্যন্ত হয়েছে, সেখান থেকেই চলবে।গতকাল বুধবার তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া নিয়ে ‘বিভ্রান্তিকর প্রচারের’ জবাব দিতে সরকারের পক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে এই বিচার নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনের শুরুতে তথ্যমন্ত্রী ট্রাইব্যুনাল ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির পক্ষ থেকে দেওয়া ২১ ধরনের বক্তব্য উল্লেখ করেন। তিনি এসব বক্তব্য খণ্ডন করেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, আইনের শাসন প্রতিষ্ঠা, ঘৃণ্য অপরাধীদের মাফ করে দেওয়ার সংস্কৃতির অবসান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুবিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং জাতিকে কলঙ্কমুক্ত করতেই এই বিচার হচ্ছে।একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধ ও এর বিচারের পটভূমি তুলে ধরে হাসানুল হক বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধাপরাধের বিচার বন্ধ করে দিয়েছিলেন। তিনি বলেন, জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে হরতাল করেছে; সেই হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। এটিই সমর্থনের নমুনা। তিনি বাধাগ্রস্ত না করে যুদ্ধাপরাধীদের বিচারে সহযোগিতা করার জন্য বিএনপি ও জামায়াতের প্রতি আহ্বান জানান।স্কাইপে বিচারপতি নিজামুল হকের ব্যক্তিগত কথোপকথন হ্যাকিং নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাইবার আইন অনুযায়ী যেকোনো ব্যক্তিগত কথোপকথন তৃতীয় পক্ষ চুরি করতে পারে না। এটা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের তদন্ত হচ্ছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাসদের মধ্যে বা বাইরে যেখানেই যুদ্ধাপরাধী থাকবে, তাকেই বিচারের আওতায় আনা হবে। বিচারকাজ বাধাগ্রস্ত করার চক্রান্তের বিষয়ে সরকার সজাগ আছে এবং তা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে।তথ্যমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল স্বাধীন। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করতে পারে না। বিচার অত্যন্ত স্বচ্ছ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের পূজারি, আমরা সামরিক শাসকের মতো মিথ্যাভাবে কাউকে ফাঁসাতে চাই না। আসামিদের আত্মপক্ষ সমর্থনের অধিকার, আপিল করার সুযোগ রাখাসহ আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচারকাজ হচ্ছে।’এত দিনেও কেন বিচার করা হয়নি—বিরোধীদের এমন বক্তব্যের জবাবে হাসানুল হক বলেন, ‘যাঁরা বলেন যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের উদ্যোগ নেওয়া হয়নি, এটি ঠিক নয়। “বাংলাদেশ কোলাবরেটরস (স্পেশাল ট্রাইব্যুনালস) অর্ডার, ১৯৭২” জারির পর যুদ্ধাপরাধের বিভিন্ন অভিযোগে ৩৭ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১০ থেকে ১২ হাজার জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনসহ সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়।’ তিনি বলেন, তখন বিচারের জন্য ৭৩টি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ওসব ট্রাইব্যুনালে বিচার শেষে ২২ জনকে মৃত্যুদণ্ড, ৬৮ জনকে যাবজ্জীবন ও ৭৫২ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ডিত করা হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছেন—বিরোধীদের এই অভিযোগ খণ্ডন করে তথ্যমন্ত্রী বলেন, ৩৭ হাজারের মধ্যে যে ১০ থেকে ১২ হাজার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল, ট্রাইব্যুনালগুলোতে তাদের বিচার চলছিল। শুধু রাজনৈতিক কারণে যাঁরা পাকিস্তানের পক্ষে ছিলেন, কিন্তু কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, কেবল এমন ২৩ হাজার ব্যক্তিকে বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে ১৯৮২ সাল পর্যন্ত মোশতাক, সায়েম ও জিয়া আইনটি বাতিল করে দেন। এতে অভিযুক্ত ব্যক্তিদের মুক্ত করে দেওয়া হয়। এটি ছিল আইনের শাসনের ক্ষেত্রে জঘন্য কাজ। এরশাদও বিচারকাজ বন্ধ রাখেন। নব্বইয়ের পর খালেদা জিয়াও এরশাদের নীতি অনুসরণ করে বিচারকাজ বন্ধ রাখেন।ট্রাইব্যুনালে আসামিপক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে হাসানুল হক বলেন, আইনে এর সুযোগ নেই। সাক্ষী সুখরঞ্জন বালীকে ‘অপহরণের’ অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কথিত গল্প। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।