বিচারকাজ চালাতে বাধা নেই ট্রাইব্যুনাল চেয়ারম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে বিচারকাজ থেকে বিরত রাখার বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাইব্যুনালের অপর দুই সদস্য। আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবির ও এ কে এম জহির আহমেদের দেওয়া আদেশে বলা হয়, এই ট্রাইব্যুনাল ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইন অনুসারে পরিচালিত হয়। ট্রাইব্যুনালের আইনে কোনো বিচারকাজ থেকে বিরত থাকার বিষয়ে কোনো আদেশ দেওয়ার ক্ষমতা ট্রাইব্যুনালের কোনো সদস্যের নেই। কারণ, ট্রাইব্যুনালের একজন চেয়ারম্যান ও অপর দুই সদস্য সমান বিচারিক ক্ষমতা রাখেন। এ জন্য কোনো একজন বিচারককে বিচারকাজ থেকে বিরত থাকতে বলার এখতিয়ার অন্য বিচারকদের নেই। আদেশে আরও বলা হয়, বিচারকাজ থেকে বিরত রাখার আবেদনের বিষয়টি বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় নতুন।ট্রাইব্যুনাল এ আদেশের পর আরেকটি আদেশ দেন। ৯ নভেম্বর যুক্তরাজ্যের আইনজীবী টবি ক্যাডম্যান, স্টিফেন কে কিউসি ও জন ক্যামির স্বাক্ষর করা একটি চিঠি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর ই-মেইল করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে উদ্দেশ করে লেখা চিঠিতে বলা হয়, ন্যায়বিচারের স্বার্থে নিজামুল হকের বিচারকাজ থেকে বিরত থাকা উচিত। ওই আইনজীবীরা নিজেদের আসামি পক্ষের আইনজীবী বলে পরিচয় দিয়েছেন। আদেশে বলা হয়, নথিপত্র পর্যালোচনা এবং অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা আসামি পক্ষের দেশীয় আইনজীবীদের আইনি সহায়তা দেওয়ার জন্য কাজ করছেন। কিন্তু তাঁরা সাঈদীর আইনজীবী নন। ওই চিঠির বিষয়বস্তু গোপনীয় বলা হলেও এর অনুলিপি দেশের সব সংবাদপত্রে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনাল মনে করে, নিজামুল হককে বিব্রত করার জন্য এ কাজ করা হয়েছে। ওই আইনজীবীরা বাংলাদেশের আইনজীবী সমিতির সদস্য নন। বাংলাদেশের বিচারিক আচরণবিধি এবং যুক্তরাজ্যের আচরণবিধি অনুসারে এটা প্রতীয়মান হয় যে তাঁরা আচরণবিধি লঙ্ঘন করেছেন। ট্রাইব্যুনাল যুক্তরাজ্যের আইনজীবী সমিতি এবং বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে এ আদেশের অনুলিপি পাঠানোর নির্দেশ দিয়েছেন।জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে জামায়াতের আইনজীবী আবদুর রাজ্জাক গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হককে বিচারকাজ থেকে বিরত রাখতে ওই আবেদনটি করেন।