বিচারকার্য পরিচালনায় সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতিদের প্রতি সব ধরনের ভয়ভীতি, রাগ-অনুরাগ ও আবেগ পরিহার এবং সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে বিচারকার্য পরিচালনার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল শনিবার রাজধানীর কাকরাইল এলাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিনোদনকেন্দ্র ও হাইরাইজ রেসিডেনশিয়াল টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণকালে এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে প্রায় ২০ লাখ মামলা বিচারাধীন। তিনি বিচারকদের প্রতি এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। তিনি বলেন, এর সঙ্গে লাখ লাখ মানুষের ভাগ্য জড়িত।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং স্থানীয় সাংসদ রাশেদ খান মেনন অনুষ্ঠানে বক্তব্য দেন।প্রধানমন্ত্রী বিচারপতিদের উদ্দেশে বলেন, ‘নাগরিক, বিশেষ করে সাধারণ আয়ভোগী, নিম্নবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা খুবই জরুরি। এ কারণে আমি আপনাদের প্রতি আদালতের ওপর সাধারণ মানুষের আস্থা অটুট রাখার অনুরোধ জানাচ্ছি। কেননা, এটাই তাদের শেষ ভরসাস্থল।’প্রধানমন্ত্রী বলেন, ধনী-দরিদ্রনির্বিশেষে সবার জন্য সুবিচার নিশ্চিত করা জরুরি। তিনি সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে পুরোনো এবং জরুরি মামলাগুলোর তালিকা তৈরি করে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সমাজের সব স্তরে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কেননা, আমাদের নির্বাচনী অঙ্গীকার হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।’সংবিধানে সংশোধনী আনার উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে এবং ভবিষ্যতে অসাংবিধানিক উপায়ে আর কেউ যাতে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার মাধ্যমে জনগণের অধিকার ছিনিয়ে নিতে না পারে, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দ্রুত মামলা নিষ্পত্তির স্বার্থে বিচারক নিয়োগসহ এ ব্যাপারে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তিনি আরও বলেন, গত বছর ২১১ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। আরও ১০০ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।শেখ হাসিনা বলেন, সরকার বিচারকদের আবাসিক সমস্যা সমাধানে তাঁদের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া দেশের ৬৪টি জেলায় প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ এবং পর্যায়ক্রমে সব আদালতের কার্যক্রম ডিজিটালাইজড করার ব্যবস্থা নেওয়া হয়েছে।বৌদ্ধ ভিক্ষু প্রতিনিধিদলের সাক্ষাৎ: বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র বুদ্ধপূর্ণিমার প্রাক্কালে বৌদ্ধ ধর্মীয় নেতা ও বৌদ্ধ ভিক্ষুদের একটি প্রতিনিধিদল গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সহযোগিতার জন্য সব ধর্মাবলম্বী জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।