দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এবার সুরযুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে। আর এ যুদ্ধের আয়োজন করেছে ভারতের সাহারা ওয়ান টিভি চ্যানেল। সংগীতের প্রতিভা অন্বেষণের এ অনুষ্ঠানের নাম সুরক্ষেত্র। এই প্রতিযোগিতার বিচারক হওয়ার জন্য আয়োজকেরা আমন্ত্রণ জানিয়েছেন রুনা লায়লাকে। গত বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদে যাওয়ার আগে রুনা জানান, তিনি সম্মতি জানিয়েছেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে আরও আছেন পাকিস্তানের গুলাম আলী ও আবিদা পারভীন এবং ভারতের সুরেশ ওয়াদকার, ইসমাইল দরবার ও যতীন পণ্ডিত।জানা গেছে, আগামী বছর ১৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার নিরপেক্ষ ভেন্যু দুবাইতে অনুষ্ঠানটির ধারণকাজ শুরু হবে। অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানের দুটি দল নিজেদের সুরের শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করবে। দুই দেশের প্রতিটি দলে থাকছে ছয়জন করে মোট ১২ জন প্রতিযোগী। বিচারকদের নম্বরের ওপর তাদের সবার ভাগ্য নির্ধারিত হবে। অনুষ্ঠানটি হবে ২৪ পর্বের। রুনা আরও জানান, ভারতের হায়দরাবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় টাইমস অব ইন্ডিয়া উৎসবে তিনি একক গান পরিবেশন করেন।