বিচারকের উঁকি, ভোটারের শাস্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বেগমপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিচারিক হাকিমকে লাঞ্ছিত করার অপরাধে মো. হানিফ নামের এক ভোটারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া হানিফ বেগমপুর গ্রামের আশকর আলীর ছেলে।কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মতিউর রহমান জানান, আজ উপজেলার বেগমপুর কেন্দ্রে ভোট দেওয়ার জন্য হানিফ গোপন কক্ষে (পোলিং বুথে) ব্যালট পেপারে সিল দিতে যান। এ সময়ে গাজীপুরের বিচারিক হাকিম নূরে আলম ভূঁইয়া ওই কক্ষে উঁকি দেন। বিষয়টি টের পেয়ে ভোটার হানিফ উত্তেজিত হয়ে নূরে আলমকে লাঞ্ছিত করেন। পরে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে হানিফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারিক হাকিম।গাজীপুরের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল হোসেন জানান, ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি করার কারণে তাঁকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।