বিচারকেরা স্বাধীন, তবে তা নির্ভর করে মানসিকতার ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, সংবিধান ও আইন অনুযায়ী বিচারকদের কাজ করতে হয়। এর আলোকে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত দেশের সব বিচারক বিচারকাজ পরিচালনায় স্বাধীন। তবে একজন বিচারক কীভাবে বিচারকাজ পরিচালনা করবেন, সেটা ব্যক্তিগত মানসিকতার ওপর নির্ভর করে।আজ শনিবার নবীন আইনজীবীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব বলেন।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ বার কাউন্সিল এই সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন।নবীন আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আইন পেশা একটি মহত্ পেশা। এই পেশার চালিকাশক্তি হচ্ছে সততা ও জ্ঞান। একজন আইনজীবীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সহায়তা করা। একজন দক্ষ আইনজীবী হলে ন্যায়বিচার নিশ্চিত হতে পারে। তিনি আরও বলেন, দক্ষতা, যোগত্যা ও সততার সঙ্গে এ পেশায় নিয়োজিত হতে হবে। বিশেষ করে নারী, শিশু, সুবিধাবঞ্চিত ও অসহায় বিচারপ্রার্থীদের পক্ষে কাজ করার মানসিকতা সৃষ্টি করতে হবে।প্রধান বিচারপতি বলেন, ‘মামলা নিষ্পত্তিতে বিলম্ব হলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়। মামলা দ্রুত নিষ্পত্তিতে আপনাদের সাহায্য করতে হবে।’ মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থার (এডিআর) প্রতি গুরুত্বারোপ করেন তিনি। এ কাজে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘এডিআরের কারণে আইনজীবীদের ক্ষতিগ্রস্ত হওয়ার ধারণা ভুল। সমাজে শান্তি বজায় রাখতে এ ব্যবস্থার ওপর জোর দিতে হবে।’ ‘যার নাই কোনো গতি সে করে ওকালতি’—এই প্রবাদে দ্বিমত করে প্রধান বিচারপতি বলেন, ‘এ কথার সঙ্গে আমি একমত নই। ওই দিন চলে গেছে। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর সর্বোচ্চ ডিগ্রি নিয়ে লক্ষ্য নির্ধারণ করে এ পেশায় আসছেন মেধাবীরা।’ নবীন আইনজীবীদের সততার সঙ্গে আইন পেশা পরিচালনার আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আপনারা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। এ পেশায় যোগ্যতা প্রমাণ দিতে নিজেকে সত্ রেখে কাজ করতে হবে। বিচারকদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে।’ তিনি বলেন, ‘আজ সমাজে সবচেয়ে বড় প্রয়োজন নৈতিকতার। কিন্তু এই নৈতিকতার চরম অবনতি ঘটেছে। এখন একজন আরেকজনের ঘাড়ে পা দিয়ে ওপরে উঠতে চায়।’ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পরীক্ষায় স্বচ্ছতা অব্যাহত রাখা এবং এ পেশায় প্রবেশের বয়সসীমা নির্ধারণের প্রস্তাব তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আইন অনুযায়ী বিচারপ্রার্থীদের জন্য বিচার নিশ্চিত করা আইনজীবীদের দায়িত্ব। ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সহায়তা করাও তাঁদের দায়িত্ব। অধস্তন আদালত কীভাবে কাজ করছে? এখনো নিম্ন আদালতের বিচারকদের জন্য পে কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়নি। হয়নি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ও।’ তিনি বলেন, নিম্ন আদালত নিয়ন্ত্রণ করছে আইন মন্ত্রণালয়। এটা হলে বিচার বিভাগ প্রকৃত অর্থে স্বাধীন হতে পারে না।বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সারা দেশের (ঢাকার বাইরে) এক হাজার ৩৬৯ জন আইনজীবীকে সনদ দেওয়া হয়।