বিচারপতি আনোয়ার উল হকের বেঞ্চে নিষ্পত্তির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের নেতাদের জামিনের বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতির মোহাম্মদ আনোয়ার উল হককে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান বিচারপতি এক সদস্যের এই বেঞ্চ গঠন করেন। আগামী রোববার এ মামলায় জামিন আবেদনে ওপর শুনানি হতে পারে।এ বিষয়ে সন্ধ্যায় যোগাযোগ করা হলে প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব কবির আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, প্রধান বিচারপতি এই বেঞ্চ গঠন করেছেন। বিচারপতির মোহাম্মদ আনোয়ার উল হককে জামিন আবেদনের নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে।হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের জামিনের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে হয়রানি না করার নির্দেশ দেওয়ায় এসব নেতা গ্রেপ্তার হওয়া থেকে আপাতত রক্ষা পাচ্ছেন।গত সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ হয়। এর মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত বিএনপি ও জোটের নেতাদের আগাম জামিন মঞ্জুর করেন। অন্য বিচারপতি এসব নেতাকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করতে বলা হয়।আদেশের পর বিএনপির নেতাদের আইনজীবী মওদুদ আহমদ প্রথম আলোকে বলেছিলেন, দুই বিচারপতি দুই রকম আদেশ দিয়েছেন। এখন প্রধান বিচারপতি বিষয়টি তৃতীয় বেঞ্চে পাঠাবেন। তৃতীয় বেঞ্চে আদেশ না হওয়া পর্যন্ত সময়ে এসব নেতাকে হয়রানি বা গ্রেপ্তার করা যাবে না।ওই দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেছিলেন, বিভক্ত আদেশ হয়েছে। এক বিচারপতি জামিন মঞ্জুর করেছেন। অন্য বিচারপতি জামিনপ্রার্থীদের এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। এই সময়ে তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দেন। এটা একধরনের জামিন।গত ২৯ এপ্রিল হরতালের দিন বিকেলে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর ঘটনায় তেজগাঁও থানায় পুলিশের করা দুটি মামলায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আসামি হওয়া দলীয় নেতারা ‘আত্মগোপনে’ চলে যান। এরপর ২ মে তাঁদের আগাম জামিন আবেদন গ্রহণে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের এক বিচারপতি বিব্রত বোধ করেন। তারপর ওই দিনই আবেদন দাখিলের জন্য আরেকটি দ্বৈত বেঞ্চে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই বেঞ্চ ‘এখতিয়ার নেই’ বলে আবেদন গ্রহণে অপারগতা প্রকাশ করেন।