বিচারপতি আবু নাঈম পদত্যাগ করলেন
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান পদত্যাগ করেছেন। দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে নিয়োগ দেওয়ার পরদিনই তিনি পদত্যাগ করলেন।বিভিন্ন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেন। সংবিধানের ৯৬(৮) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির বরাবর লেখা চিঠিতে কয়েকটি লাইন রয়েছে। তবে এর বিষয়বস্তু জানা যায়নি। অন্যান্য দিনের মতো গতকাল সকালে বিচারপতি নাঈম সুপ্রিম কোর্টে এলেও এজলাসে বসেননি। নিজের কক্ষেই ছিলেন। বেলা সোয়া দুইটার দিকে তিনি সুপ্রিম কোর্ট ত্যাগ করেন।পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি পদত্যাগ করে চিঠি দিয়েছেন। এটি রাষ্ট্রপতির দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।সংবাদকর্মীরা চেষ্টা করেও বিচারপতি নাঈমের সঙ্গে কথা বলতে পারেননি। বেলা সাড়ে ১১টার দিকে বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক তাঁর কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারে না রাখার বিষয়ে বলার পর আমরা আশা করেছিলাম, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে।’ বিচারপতি নাঈমের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘মান-মর্যাদাসম্পন্ন যেকোনো ব্যক্তিই এমন পরিস্থিতিতে পদত্যাগ করতেন। আমি হলেও করতাম। এ অবস্থায় কোনো ব্যক্তি থাকতে চাইবেন না, এটাই স্বাভাবিক।’রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি যাঁকে যোগ্য বলে বিবেচনা করেছেন, তাঁকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। শাহ আবু নাঈম অসুস্থ ছিলেন। জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি করতে হবে, এমন বিধান নেই। রোকনউদ্দিন মাহমুদ প্রশ্ন রেখে বলেন, এর আগেও তাঁকে বাদ দিয়ে কনিষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি করা হয়েছে। তাহলে তিনি আগে কেন পদত্যাগ করলেন না?জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক শপথ নেন। সে সময় শাহ আবু নাঈম মোমিনুর রহমান ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি। এর পর থেকে বিচারপতি নাঈমকে এজলাসে বসে বিচারকাজ পরিচালনা করতে দেখা যায়নি। প্রায় সাত মাস পর ২৭ এপ্রিল থেকে তিনি এজলাসে বসেন। ১১ মে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি মো. মোজাম্মেল হোসেন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। বর্তমান প্রধান বিচারপতি ১৭ মে অবসরে যাবেন। এরপর ওই নিয়োগ কার্যকর হবে।