হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান পদ
বিচারপতি গৌর গোপাল সাহার নিয়োগ স্থগিতের আদেশ বহাল
হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গৌর গোপাল সাহার নিয়োগের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক এ আদেশ দেন। একই সঙ্গে ট্রাস্টের অপর সদস্যদের নিয়োগের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গত বছরের ১৩ মে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে বিচারপতি গৌর গোপাল সাহা নিয়োগ পান। চলতি বছরের ৬ জুন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁকেসহ ২০ জনকে নিয়োগ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী তাপস কুমার পাল হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ আগস্ট হাইকোর্ট ওই নিয়োগের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। এ আদেশের স্থগিতাদেশ চেয়ে সরকার পক্ষ আপিল বিভাগে আবেদন করেন। আদালতে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় এবং রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ মামলা পরিচালনা করেন।মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ সংশোধন করে দিয়েছেন। হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হিসেবে গৌর গোপাল সাহার নিয়োগ ও দায়িত্ব পালনের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আদালত। বিশ্বজিত্ রায় বলেন, এর ফলে গৌর গোপাল সাহা হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তবে অপর সদস্যদের কাজ চালিয়ে যেতে কোনো বাধা নেই।