বিচারপতি নিজামুল ও জিয়াউদ্দিনের কথোপকথন প্রকাশে নিষেধাজ্ঞা
বিচারপতি নিজামুল হক ও প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত দৈনিক পত্রিকা ‘আমার দেশ’ ও ‘সংগ্রাম’-এর কথা উল্লেখ করে বলেন, এই পত্রিকা দুটি বিচারপতি নিজামুল হক ও প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন নিয়ে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ও বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে। তাই সঠিক বিচার-প্রক্রিয়া নিশ্চিত করতে এ ধরনের প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তিনি। ট্রাইব্যুনাল তাঁর আদেশের মুহূর্ত থেকে বাংলাদেশের গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন। এ আদেশের অনুলিপি ওই দুই পত্রিকার সম্পাদক এবং বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত ও বিএনপির নয়জন নেতার বিচার চলছে এই দুই ট্রাইব্যুনালে। পৌনে তিন বছর ধরে চলা এই বিচার-প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেয়েছে বিচারপতি নিজামুল হকের স্কাইপে আলাপনের জের ধরে।ইন্টারনেটে কথা বলার সফটওয়্যার স্কাইপের মাধ্যমে এই বিচারপতি ট্রাইব্যুনাল-সংক্রান্ত নানা পরামর্শ করেছেন বেলজিয়াম-প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে। গণমাধ্যমে আসা সেই কথোপকথন নিয়ে সৃষ্ট বিতর্কে মঙ্গলবার ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ান বিচারপতি নিজামুল হক।এরপর আজ প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ পুনর্গঠন করা হয়।