সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
বিচারপতি নিয়োগ প্রসঙ্গে সভাপতির বক্তব্যে সহসভাপতির প্রশ্ন
প্রধান বিচারপতির সুপারিশ অনুযায়ী নিরপেক্ষভাবে হাইকোর্টে বিচারপতি নিয়োগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তবে সভাপতির এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন সমিতির সহসভাপতি শেখ ফজলুল হক খান।আজ রোববার বেলা একটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে খন্দকার মাহবুব হোসেন সংবাদ সম্মেলন করে তাঁর দাবির কথা জানান। তিনি বলেন, প্রধান বিচারপতির পরামর্শ না মানা হলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এদিকে এই সংবাদ সম্মেলনের পর সভাপতির এ ধরনের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে সহসভাপতি শেখ ফজলুল হক খান বলেন, সমিতির একটি বিধিমালা আছে। সে বিধিমালা অনুযায়ী কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা সংখ্যাগরিষ্ঠের ভোটে পাস করাতে হয। এর পরই কেবল সে বিষয়ে সমিতির পক্ষে কোনো বক্তব্য তুলে ধরা যায়। তিনি দাবি করেন, যেহেতু সভাপতি এসব না করেই হাইকোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে বক্তব্য দিয়েছেন, তাই সেটি তাঁর ব্যক্তিগত বক্তব্য।প্রসঙ্গত, গত ২৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায়, ১৪ সদস্যের কমিটিতে সাতজন বিএনপি সমর্থিত আর সাতজন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী।