বিচারপতি নিয়োগে আইন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের বিধান অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে স্বচ্ছতার ভিত্তিতে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করার পরিকল্পনা সরকারের আছে। আজ বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন। তার আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মুজিবুল হকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, বর্তমানে সাংবিধানিক বিধান ব্যতীত হাইকোর্টের বিচারপতি নিয়োগে অন্য কোনো আইন বা নীতিমালা নেই। সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আইন পেশায় নিয়োজিত আইনজীবী এবং জেলা ও দায়রা জজ পর্যায়ের বিচারকদের মধ্য থেকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন।সংবিধানের ৯৫(২)(গ) অনুচ্ছেদে বিচারপতি নিয়োগের জন্য আইন প্রণয়নের কথা বলা আছে।জাতীয় পার্টির জিয়াউল হক মৃধার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের ব্যবহারের জন্য বার লাইব্রেরি এবং পর্যাপ্ত সংখ্যক বিজ্ঞ আইনজীবী ও আইনের বই না থাকায় দেওয়ানি ও ফৌজদারি আদালত উপজেলা পর্যায়ে স্থানান্তরের পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে জেলা থেকে উপজেলা সদরের দূরত্ব ও যাতায়াতব্যবস্থার অসুবিধার কথা বিবেচনা করে কিছু উপজেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থানান্তর করা হচ্ছে।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড-সম্পর্কিত মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) পুলিশ ২০০১ সালের ৬ সেপ্টেম্বর জমা দিয়েছে। চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একই বছরের ২৪ অক্টোবর প্রতিবেদনটি গ্রহণ করেন। ফজলুল আজিমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সারা দেশের বিচারাধীন মামলাগুলোর দীর্ঘসূত্রতা রোধ করতে আইন সংশোধন করা হবে। এতে সমন জারিসহ নির্ধারিত তারিখে সাক্ষীদের হাজির করে তাঁদের সাক্ষ্য গ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। তারানা হালিমের প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকদের বিয়ে ও তালাক নিবন্ধনের জন্য বর্তমানে দেশে কোনো আইন নেই। তবে বিয়ের দালিলিক প্রমাণের সুরক্ষার জন্য নিবন্ধনের ব্যবস্থা ঐচ্ছিক রেখে ‘হিন্দু বিবাহ নিবন্ধন আইন ২০১২’ নামের একটি বিল সম্প্রতি মন্ত্রিসভা অনুমোদন করেছে। শিগগির বিলটি সংসদে উত্থাপন করা হবে। শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বন্ধ করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। অপু উকিলের অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রশাসনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শূন্যপদের সংখ্যা ৫৯ হাজার ৬০৯টি।