বিচারপতি নিয়োগে সুনির্দিষ্ট আইন করার সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে বিচারপতি নিয়োগের সুনির্দিষ্ট আইন তৈরির জন্য আইন মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।আজ রোববার সংসদ সচিবালয়ে কমিটির এক সভায় এ পরামর্শ দেওয়া হয়।সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটি সব আদালতের বিচারকদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির সুপারিশও করেছে। তবে এ বেতন বৃদ্ধি যাতে রাষ্ট্রের অন্যান্য পদে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে বৈষম্যের সৃষ্টি না করে, সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে সভায় পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, আজিজুল হক চৌধুরী ও শামসুল ইসলাম, পরিকল্পনা বিভাগের সচিব হাবিবউল্লাহ মজুমদার, আইএমইডির ভারপ্রাপ্ত সচিব খোদেজা বেগম, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আনোয়ারুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ ছাড়া জনশক্তি রপ্তানি ব্যুরোতে গত এক বছরে কয়টি অভিযোগ জমা পড়েছে এবং কতগুলো নিষ্পত্তি হয়েছে, তা আগামী মাসের মধ্যে কমিটিকে জানানোর নির্দেশনা দেওয়া হয়।