বিচারপতি নিয়োগে স্বচ্ছতা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ আমিরুল ইসলাম সাবেক বিচারপতিসুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতির সংখ্যা কত হবে, এ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এটি প্রয়োজনের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্ধারণ করেন ও নিয়োগ দেন। সংবিধানের আলোকে এ নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তবে কোন প্রক্রিয়ার ভিত্তিতে এ নিয়োগ নির্ধারিত হয়, এ নিয়ে কোনো নীতিমালা নেই। তবে বারের সঙ্গে আলোচনা করার প্রয়োজন নেই। পৃথিবীর কোনো দেশেই এ চর্চা নেই। এখন এ বিষয়ে যদি কেউ কোনো বিল সংসদে উত্থাপন করেন, তাহলে এটিকে ইতিবাচক হিসেবে দেখছি। তবে আমাদের সাংসদেরা সরকারি দলে থাকলে এক রকম মত দেন আর বিরোধী দলে গেলে অন্য রকম মত দেন—এটিই সমস্যা। এখন মওদুদ আহমদ যদি বিল উত্থাপন করেন, করতে পারেন। কিন্তু অতীতে তাঁদের যথার্থ ভূমিকা রাখতে দেখিনি। রফিক-উল হকজ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টউচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা নীতিমালা থাকা একান্ত জরুরি। দেশ-জাতি-সমাজ-বিচার বিভাগ—সবার জন্যই এটা খুবই দরকারি একটা বিষয়। এটা শুধু আমাদের দেশের জন্য নয়, প্রতিটি দেশেই এমন নীতিমালা থাকা অপরিহার্য। সরকার যাঁকে ইচ্ছা তাঁকে ধরে এনে উচ্চ আদালতে বসিয়ে দেবে, এটা তো কারও কাম্য নয়। এটা অবশ্য যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত বলে আমি মনে করি।আর আপিল বিভাগে বিচারকের সংখ্যা ১১ জন নির্ধারণের ভিত্তি কী, তা আমার জানা নেই। সরকারই সেটা ভালো বলতে পারবে। তবে উদ্দেশ্য যদি সত্ হয়, প্রক্রিয়া যদি যথার্থ হয়, বিচারকের সংখ্যা বাড়লে তাতে আমি মনে করি, সেটা আমাদেরই লাভ।এম হাফিজ উদ্দিন খানচেয়ারম্যান, টিআইবিযে পদ্ধতিতে উচ্চ আদালতে বর্তমানে বিচারক নিয়োগ দেওয়া হয়, তা আমি মনে করি, চরম গলদপূর্ণ ও ত্রুটিপূর্ণ একটা পদ্ধতি। ১০ বছরের ওকালতি বা বিচারবিভাগীয় পদে কাজ করার অভিজ্ঞতা থাকলেই সংবিধানে তাঁকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া যাবে বলা আছে। কিন্তু সে কোন ধরনের আইনজীবী, ভালো না মন্দ, তাঁর ব্যক্তিচরিত্র কেমন—কোনো কিছুই সেখানে বিবেচনায় আনা হয়নি। ১৯৭২ সালের সংবিধানে প্রধান বিচারপতির পরামর্শ নেওয়ার বাধ্যতামূলক বিধানটিও এখন আর নেই। প্রথাগতভাবে প্রধান বিচারপতির মতামত নেওয়া হলেও চূড়ান্ত নিয়োগে ওই মতামত প্রতিফলিত হয়েছে কি না, তা কোনোভাবেই জানার উপায় নেই। পদোন্নতির মাপকাঠিও পুরোপুরি অস্বচ্ছ এবং অস্পষ্ট। হুট করে যাঁকে-তাঁকে সর্বোচ্চ আদালতে নিয়োগ দেওয়ার বিদ্যমান প্রক্রিয়ায় বিচার বিভাগ এখন এককথায় কলুষিত। এ ব্যবস্থার অবশ্যই পরিত্রাণ দরকার। সংবিধান সংশোধন করে বা আইন প্রণয়ন করে, এমন একটা স্বচ্ছ ব্যবস্থা চালু করা দরকার, যাতে ব্যক্তিবিশেষের ইচ্ছাই কেবল চরিতার্থ না হয়, যাতে সুযোগ্য লোক নিয়োগ পান। শুধু উচ্চ আদালতের বিচারক নয়, সিংহভাগ সাংবিধানিক পদের নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছ নয়, প্রচুর অব্যবস্থাপনা বিরাজমান। সেসব নিয়েও ভাবা দরকার।উচ্চ আদালতের বিচারকের সংখ্যার ব্যাপারে বলব, সেখানে সর্বোচ্চ সীমা থাকা উচিত, সর্বনিম্ন সীমা থাকা উচিত নয়। সেখানে সংখ্যা বৃদ্ধিটা যেন প্রয়োজনের নিরিখে হয়। সদুদ্দেশ্যে বিচারকের সংখ্যা বাড়ানো হলে মামলার জট কমবে, দ্রুত শুনানি হবে। বেঞ্চ গঠন ও এখতিয়ার পরিবর্তনের প্রক্রিয়াটিও স্বচ্ছ এবং যুক্তিযুক্ত হওয়া উচিত। জনমনে কোনোভাবেই এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়।এম জহিরজ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টআমি মনে করি না, নতুন আইন প্রণয়ন এ ক্ষেত্রে কোনো সমাধান হিসেবে কাজ করতে পারে। ইংরেজ আমলে কি আইন ছিল? তখন কি চলেনি? ইংল্যান্ড-ভারত কোথাও তো আইন নেই। সেখানে কি ন্যায়বিচার হচ্ছে না? রাজনীতি করলেই বিচারক হতে পারবে না কিংবা বিচারক হিসেবে অযোগ্য হবেন, এমন ধারণার সঙ্গে আমি একমত নই। শুধু রাজনীতিপুষ্টতা ঠেকানোর উদ্দেশ্যেই যদি আইন প্রণয়নের কথা ভাবা হয়, আমার মনে হয় না, তাতে কাঙ্ক্ষিত, কার্যকর ও টেকসই কোনো সুফল আসবে।আবদুল বাসেত মজুমদারসহসভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলআপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা নির্ধারণে কোনো বিধান সংবিধানে নেই। এটি নির্ভর করে মামলার সংখ্যা এবং মামলা নিষ্পত্তির হারের ওপর। রাষ্ট্রপতি এর ভিত্তিতেই প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। আপিল বিভাগে ১১ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল। এখন আবার সাতজন বিচারপতি দিয়ে চলছে। আবার হাইকোর্ট বিভাগে কতজন বিচারপতি নিয়োগ দেওয়া হবে, তা মামলার সংখ্যার ওপরই নির্ভর করবে। মামলার দ্রুত নিষ্পত্তি এবং মামলাজট কমানোর জন্য অনেক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এ সংখ্যা আইন দিয়ে নির্দিষ্ট করে দেওয়া ঠিক হবে না। মওদুদ আহমদ যদি এ সংক্রান্ত কোনো বিল উত্থাপন করেন জাতীয় সংসদে, তা হবে ইতিবাচক। তবে বিচারপতিদের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার জন্য কোনো বিধান রাখা ঠিক হবে না। এ বিষয়ে বিতর্ক হতে পারে জাতীয় সংসদে। বিষয়টি নিয়ে সংসদে বিতর্ক হলে অনেক বিষয়ে সিদ্ধান্ত বেরিয়ে আসে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিচারপতি নিয়োগের জন্য কমিটি করে দেওয়া হয়েছিল। সুপ্রিম জুডিশিয়ার কমিশন গঠন করেছিল । পরে এটি আদালতের রায়ে বাতিল হয় । কমিটি বাদ দেওয়া হয়। এ ধরনের কমিটি গঠন করার প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েও আলোচনার দরকার রয়েছে। তবে প্রতিটি সরকারের সামনেই বিচারপতি নিয়োগে যে স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া যায়, তা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। সংবিধানের ৯৫(২)গ এ নির্দেশিত বিচারকের যোগ্যতা সংক্রান্ত আইনের খসড়া করা ইতিবাচক । জাতীয় সংসদ এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে বলেই বিশ্বাস ।আ ফ ম মেসবাহ উদ্দিন সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসংবিধানের ৯৫ অনুচ্ছেদে বলা আছে, কোন কোন যোগ্যতার ভিত্তিতে বিচারপতি নিয়োগ হবে। তবে নির্ধারণ করা নেই, কয়জন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এ বিষয়টি প্রয়োজনের ওপর ভিত্তি করে। আপিল বিভাগে পাঁচ থেকে সাত, তারপর ১১ জন বিচারপতি নিয়োগ হয়েছে প্রয়োজনের স্বার্থেই। এ নিয়োগ কোন ভিত্তিতে করা হলো এ প্রশ্ন অবান্তর। রাষ্ট্রপতি প্রয়োজনেই বিচারপতির সংখ্যা এবং নিয়োগ নির্ধারণ করে থাকেন। এ বিষয়ে যদি বারের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করা হয় তাহলে ভালো হয়। আমার মতে, এর প্রয়োজনীয়তা রয়েছে। সরকার যদি মনে করে কিংবা প্রধান বিচারপতি চাইলে বারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। বারের সদস্যদের মতামত নেওয়া হলে এতে স্বচ্ছতা আরও বাড়বে। তবে মামলার নিস্পত্তির সংখ্যার উপরই নির্ভর করে বিচারপতি সংখ্যা নির্ধারনের বিষয়টি ।মওদুদ আহমদ যদি বলে থাকেন, তিনি এ সংক্রান্ত কোনো বিল উত্থাপন করবেন তাহলে আমার মত হচ্ছে, তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তাঁর করা কোনো বিষয়ে সমর্থন করা যায় না। শাহ্দীন মালিকআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের জন্য সুনির্দিষ্ট একটা আইন হোক, সেটা আমিও চাই। তবে সেটা যেন সুপ্রিম জুডিশিয়াল কমিশনের মতো উদ্ভট আইন না হয়। সাংবিধানিকভাবে বিচারকদের যোগ্যতা নির্ধারণের জন্য আইন করা যাবে। অন্য কিছুর জন্য আইন করা হলে তার সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তা ছাড়া সেটা ২০০৯ সালের ১০ বিচারপতির নিয়োগ-সংক্রান্ত হাইকোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। ওই রায়ে হাইকোর্টের বিচারক নিয়োগে যে নির্দেশনা আপিল বিভাগ সরকারকে দিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন আইন করতে হবে।আর বিচারকের সংখ্যা নির্ধারণের যে কথাটা বললেন, সে প্রসঙ্গে আমি বলব, সংখ্যা নির্ধারণের ভারটা বিচার বিভাগের হাতেই থাক। প্রয়োজন, পরিস্থিতি তো সব সময় একই থাকে না। বিচারপতির সংখ্যা নির্ধারিত হয়ে গেলে প্রয়োজনীয় পরিস্থিতিতে সেটা বাড়ানোর উদ্যোগটা দুরূহ ও প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে। তা ছাড়া যোগ্যতা অনুযায়ী বেশি লোক নিয়োগ পেলে তাতে তো আমাদেরই লাভ।মামলার জট কমবে। রায়ের গুণগত মান বাড়বে। যোগ্যতার প্রশ্নে একটা তথ্য উল্লেখ করা দরকার। ১৯৭২-৯৫ সালে এ সময়টুকুতে দেখেছি, তুলনামূলক জ্যেষ্ঠ ব্যক্তিই হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। কিন্তু ইদানীংকালে অপেক্ষাকৃত কম জ্যেষ্ঠ (কর্মে) ব্যক্তিরা বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন। এটা আইনজীবী, বিচারপ্রার্থী—কারও কাছেই বাঞ্ছনীয় না। আইন করতে হলে এসব কিছু ভেবেচিন্তে করা দরকার।