বিচারপতি মিজানুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, বিচারপতি মিজানুর রহমান ভূইয়ার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নেওয়া সম্ভব। এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার সংসদে এক অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন আইনমন্ত্রী।এর আগে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমান প্রয়াত ব্লগার আহমেদ রাজীব হায়দার সম্পর্কে গতকাল সোমবার যে চিঠি বিতরণ করেন, সে বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন।মুজিবুল হক বলেন, ‘বিচারপতি মিজানুর রহমান তাঁর কর্মচারী সিদ্দিকুর রহমানকে দিয়ে ব্লগার রাজীব সম্পর্কে সাম্প্রদায়িক উসকানিমূলক একটি লেখা সুপ্রিম কোর্টে বিতরণ করেছেন। এতে তিনি রাজীবকে মুরতাদ বলেছেন। তাঁর এ চিঠি প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিদের কাছেও পাঠানো হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে সুপ্রিমকোর্টের খাম। এখন প্রশ্ন হলো, একজন বিচারপতি এ ধরনের কাজ করতে পারেন কি না?’জাতীয় পার্টির সাংসদ আরও বলেন, ‘“আমার দেশ” পত্রিকা ও তাদের সমমনা অনলাইন মাধ্যমগুলো নিজেরাই মহানবীকে কটাক্ষ করে তা রাজীবের নামে পোস্ট করেছে। বিএনপি আমলে নিয়োগ পাওয়া এই বিচারপতি গণজাগরণের যাত্রাকে নস্যাত্ করার জন্য এ অন্যায় কাজটি করেছেন। এর মানে ষড়যন্ত্রের সঙ্গে বিচারপতি জড়িত। তাই বিচারপতিদের সংসদের কাছে দায়বদ্ধ করার জন্য ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করার দাবি জানাচ্ছি।’মিজানুর রহমানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘একজন বিচারপতি যদি নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন না হন, তিনি যদি বিশেষ দলের কর্মী হয়ে কাজ করেন, তবে জনগণ তাঁর কাছে কী পাবেন? এই লোক শহীদ রাজীবকে মুরতাদ বলে আখ্যায়িত করেছেন। তিনি জামায়াতে ইসলামীর হয়ে আদালতে বসে আছেন। নিজেরা সাম্প্রদায়িক লেখা লিখে তা রাজীবের নামে পোস্ট করেছেন। মনে হয় তিনি খুনের (রাজীব হত্যা) সঙ্গেও জড়িত। হত্যার নেপথ্য নায়ক হিসেবে এই বিচারপতি কাজ করেছেন। তাই এই বিচারপতিকেও জিজ্ঞাসাবাদ করা হোক।’ আবদুল মান্নান (বগুড়া-১) আসনের সাংসদ বলেন, মিজানুর রহমান বিএনপির আমলে নিয়োগ পেয়েছিলেন। দায় শোধ করার জন্য তিনি খুনিদের পক্ষ নিয়েছেন। এ পর্যায়ে সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, সংসদের কার্যপ্রণালীর ৬৮ বিধি অনুযায়ী কেউ নোটিশ দিলে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। সেখানে কোনো সিদ্ধান্ত হলে তা কার্যকর করতে সুবিধা হবে।এ সময় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘এ যদি বিচারপতিদের অবস্থা হয়, দেশের মানুষ যাবে কোথায়? এর একটা সুরাহা করা হোক। আইনমন্ত্রী এ বিষয়ে একটি সমাধান দিতে পারেন। নইলে আমি রুলিং দেব।’ এ সময় আইনমন্ত্রী বলেন, ‘একজন বিচারপতি যে কাজ করেছেন, তা নিন্দনীয়, জঘন্য ও অসদাচরণমূলক। বিচারপতির এমন আচরণ করা উচিত না। এ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা সম্ভব।’ সাংসদদের এ দাবির বিষয়ে তিনি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নেবেন।শফিক আহমেদ আরও বলেন, ‘“ইনকিলাব” আর “আমার” দেশ পত্রিকার ভূমিকাও আমরা জানি। তারা রাজীবকে বিতর্কিত করতে নিজেরা আপত্তিকর লেখা তৈরি করে তা রাজীবের নামে ছাপাচ্ছে।’