বিচারপতি মিজানের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নেওয়া সম্ভব। এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সাংসদদের দাবির মুখে গতকাল সংসদে এ কথা বলেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। এক অনির্ধারিত আলোচনায় সাংসদেরা প্রয়াত ব্লগার আহমেদ রাজীব হায়দার সম্পর্কে বিচারপতি মিজানুর রহমানের তৎপরতাকে বেআইনি ও অসাংবিধানিক বলে আখ্যায়িত করেন। এর আগে রাজীব হায়দার সম্পর্কে বিচারপতি মিজানুর রহমান সোমবার যেসব তথ্য বিতরণ করেন, সে বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক।১৭ ফেব্রুয়ারি একটি দৈনিকে ব্লগার রাজীবের সমালোচনা করে একটি প্রতিবেদন ছাপা হয়। বিচারপতি মিজানুর তাঁর জমাদার ও পিয়নের মাধ্যমে এই প্রতিবেদনের অনুলিপি সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের কাছে পাঠান।এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বলেন, প্রধান বিচারপতি এ বিষয়ে সংশ্লিষ্ট বিচারপতিকে ডেকে কথা বলেছেন।সংসদে গতকাল মুজিবুল হক বলেন, রাজীব সম্পর্কে সাম্প্রদায়িক ও উসকানিমূলক একটি লেখা ওই বিচারপতি সুপ্রিম কোর্টে বিতরণ করেছেন। এতে রাজীবকে মুরতাদ বলা হয়েছে। লেখাটির অনুলিপি প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতির কাছেও পাঠানো হয়েছে। এতে সুপ্রিম কোর্টের খাম ব্যবহার করা হয়েছে। প্রশ্ন হলো, একজন বিচারপতি এ ধরনের কাজ করতে পারেন কি না।মুজিবুল হক বলেন, আমার দেশ পত্রিকা ও তাদের সমমনা অনলাইন মাধ্যমগুলো নিজেরাই মহানবী (সা.)কে কটাক্ষ করে তা রাজীবের নামে পোস্ট করেছে। বিএনপি আমলে নিয়োগ পাওয়া এই বিচারপতি গণজাগরণের যাত্রাকে নস্যাৎ করার জন্য এই অন্যায় কাজটি করেছেন। তার মানে, এই ষড়যন্ত্রের সঙ্গে বিচারপতিও জড়িত। তিনি বিচারপতিদের সংসদের কাছে দায়বদ্ধ করতে ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করার দাবি জানান।মিজানুর রহমানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, এই বিচারপতি শহীদ রাজীবকে মুরতাদ বলে আখ্যায়িত করেছেন। তিনি জামায়াতে ইসলামীর হয়ে আদালতে বসে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক।ফজলে রাব্বী মিয়া এই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান। এ পর্যায়ে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ বলেন, সংসদের কার্যপ্রণালির ৬৮ বিধি অনুযায়ী, কেউ নোটিশ দিলে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে।এ সময় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্পিকার আবদুল হামিদ বলেন, এই যদি বিচারপতিদের অবস্থা হয়, দেশের মানুষ যাবে কোথায়? এর একটা সুরাহা হোক। আইনমন্ত্রী এ বিষয়ে একটি সমাধান দিতে পারেন। নইলে আমি রুলিং দেব।’সব শেষে আইনমন্ত্রী বলেন, ‘একজন বিচারপতি যে কাজ করেছেন, তা নিন্দনীয়, জঘন্য ও অসদাচরণমূলক। বিচারপতির এমন আচরণ করা উচিত নয়। ইনকিলাব আর আমার দেশ পত্রিকার ভূমিকাও আমরা জানি। তারা রাজীবকে বিতর্কিত করতে নিজেরা আপত্তিকর লেখা তৈরি করে তা রাজীবের নামে ছাপাচ্ছে।’মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা সম্ভব। তিনি জানান, সাংসদদের এই দাবির বিষয়ে তিনি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নেবেন।বিভিন্ন সংগঠনের ক্ষোভ ও নিন্দা: বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞাকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। শাহবাগের গণজাগরণ মঞ্চ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গতকাল মঙ্গলবার পৃথকভাবে এ দাবি জানায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে অনুষ্ঠিত সভায় বিচারপতি মিজানুর রহমানকে বিচারকাজ থেকে দূরে রাখতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানানো হয়। সমিতির সহসভাপতি এ কে এম সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সমিতির দক্ষিণ হলে এ সভা হয়।সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিচারপতি নিয়োগে জামায়াত তাদের কোটা পূরণ করেছে। উনি ছাড়াও হাইকোর্টে আরও কয়েকজন বিচারপতি রয়েছেন, যাঁরা একসময় জামায়াত করতেন। তিনি মিজানুর রহমানকে অবিলম্বে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান।সভায় আইনজীবী আবদুল বাসেত মজুমদার, এ এফ এম মেজবাহ উদ্দিন, আনিসুল হক, মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, শ ম রেজাউল করিম, আজাহার উল্লাহ ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সহসভাপতি মুনতাসীর মামুন, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার, সৈয়দ শফিকুল আলম ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এক বিবৃতিতে ওই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।গতকাল বিকেলে গণজাগরণ মঞ্চ থেকে বিচারপতির পদত্যাগ দাবি করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ মঞ্চ থেকে বলেন, একজন বিচারপতি কখনোই এ ধরনের জঘন্য কাজ করতে পারেন না।