বিচারপতি শামসুদ্দিনের ওপর লন্ডনে হামলা
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর লন্ডনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল বুধবার স্থানীয় সময় রাত আটটার দিকে ডেগেনহামে এক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় তিনি আহত হন। স্থানীয় সূত্র জানায়, বিচারপতি শামসুদ্দিন এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। আত্মীয়ের বাসার কাছাকাছি যাওয়ার সময় লুকিয়ে থাকা সংঘবদ্ধ দুর্বৃত্তেরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তিনি চিত্কার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং দুর্বৃত্তেরা গাড়িতে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে লন্ডন মেট্রোপলিটন পুলিশ পৌঁছালে বিচারপতি মানিক ঘটনার বর্ণনা দেন এবং আলামত সংগ্রহ করেন। তবে তিনি পালিয়ে যাওয়া গাড়ির নম্বর পুলিশকে বলেছেন বলে জানা গেছে। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত থাকতে পারে তা জানা যায়নি।এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এদিকে সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ এবং প্রজম্ম ’৭১-এর যুক্তরাজ্যের সভাপতি আহমেদ নুরুল টিপু, ফিরোজ কবির চৌধুরী, আনোয়ার হোসেন, বিশ্বজিত্ দে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পুরো লন্ডনের বাংলা কমিউনিটিতে তা দ্রুত ছড়িয়ে পড়ে।