বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক। গতকাল মঙ্গলবার বঙ্গভবনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে তিনি ওই আবেদন জমা দেন।মো. মোজাম্মেল হক তাঁর আবেদনে অভিযোগ করেছেন, গত ৩১ মে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কোর্ট চলাকালীন সাজ্জাদ মিল্কির একটি রিট আবেদনের শুনানিতে তিনি উত্তেজিত হয়ে খারিজ করে দেন। ওই রিট আবেদন শুনানিকালে জ্যেষ্ঠ আইনজীবীকে সহযোগিতা করার সময় বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী তাঁকে অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নিজে নিজে অযথা উত্তেজিত হয়ে তাঁকে বানরের সঙ্গে তুলনা করেন—যা আদালত অঙ্গণে নজিরবিহীন।আবেদনে আইনজীবী উল্লেখ করেন, ‘এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এ পর্যন্ত উক্ত বিচারপতি পাঁচ শতাধিক আইনজীবীকে বিভিন্নভাবে অহেতুক গালিগালাজ এবং লাঞ্ছিত করেছেন বিধায় বর্তমানে একাধিক সত্, ভদ্র, আইনজীবী তাঁর কোর্ট নীরবে বর্জন করেছেন এবং নিজেদের সম্মান রক্ষার্থে কেহ মুখ খোলেন নাই। বর্তমানে উক্ত বিচারপতির আদালত গুটি কয়েক আইনজীবীর পছন্দের আদালতে পরিণত হয়েছে। এ ছাড়াও কারণে-অকারণে দেশের বিভিন্ন জনের বিরুদ্ধে স্বপ্রণোদিত রুল জারির এক মহোত্সব শুরু করেছেন, যা সংবিধান পরিপন্থী।’আবেদনে আরও উল্লেখ করা হয়, ‘এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে উক্ত বিচারপতি জনাব এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর এহেন আচরণে বিজ্ঞ আইনজীবীরা হতবিহ্বল এবং অনেকের মতে তিনি মানসিক ভারসাম্যহীন। তা ছাড়া উক্ত বিচারপতির আচরণ ইচ্ছামাফিক ১১-১২টায় কোর্টে বসা, আইনজীবীদের ব্যক্তিগত আক্রমণ, গুটিকয়েক আইনজীবীর মামলায় সহায়ক ভূমিকা, কারণে-অকারণে উত্তেজিত হয়ে সাধারণ আইনজীবীদের মামলায় পক্ষপাতিত্বের আচরণ, বিজ্ঞ আইনজীবীদের ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ ফলে তিনি শুধু শপথ ভঙ্গ করেননি বরং সংবিধান লঙ্ঘন করেছেন। আদালত একটি পাবলিক অফিস কিন্তু তিনি নিয়ন্ত্রণ করেন সামরিক কায়দায়, আইনজীবী ব্যতিরেকে সকলের প্রবেশ সংরক্ষিত যাহা সচরাচর নিয়মের পরিপন্থী।’আবেদনে উল্লেখ করা হয়, ‘এমতাবস্থায় কী কারণে তিনি আমাকে অকারণে আদালতে অহেতুক হেয়প্রতিপন্ন করেছেন, তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। অন্যথায় এ ধরনের অহরহ ঘটনায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে। কারণ, ইতোমধ্যে অনেক আইনজীবী তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। অতএব, বিনীত আবেদন আরজ এই যে, উল্লেখিত বিবরণাদির আলোকে আইনের শাসন, সুশাসন, বিচার বিভাগের ভাবমূর্তি এবং সর্বোপরি সংবিধানকে সমুন্নত রাখার লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে উক্ত বিচারপতি জনাব এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কৃপা দৃষ্টি আকর্ষণ করছি।’মো. মোজাম্মেল হক তাঁর ওই আবেদনের একটি অনুলিপি প্রধান বিচারপতি বরাবর পাঠিয়েছেন বলে আবেদনে উল্লেখ করেছেন।