বিচারপতি শামসুদ্দিনের ব্যাপারে মতামত দেবেন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী স্পিকারকে কটাক্ষ করে যে কথা বলেছেন, সে বিষয়ে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ মতামত দেবেন। এ জন্য তিনি প্রয়োজনীয় আইন-কানুন পরীক্ষা-নিরীক্ষা করে প্রস্তুতি নিচ্ছেন। আজ বুধবার জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার শওকত আলী।তবে মহাজোটের তিনজন জ্যেষ্ঠ সাংসদ ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, রুলিং নয়। সংসদে এ বিষয়ে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। সে অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য প্রধান বিচারপতিকে নির্দেশ দেবেন।তার আগে ওয়ার্কার্স পার্টির সাংসদ রাশেদ খান মেনন প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রসঙ্গে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার সংবিধানের ৭৮ অনুচ্ছেদ লঙ্ঘনের আলোচনা হয়েছে। আপনি আমাদের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, এ বিষয়ে আপনি স্পিকারের সঙ্গে পরামর্শ করবেন।’জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে আমার আলোচনা হয়েছে। এ বিষয়ে তিনি একটি রুলিং দেবেন। সে জন্য তিনি প্রস্তুত হচ্ছেন।’এরপর দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এটি রুলিংয়ের বিষয় নয়। সংসদের সিদ্ধান্তের ব্যাপার। সংসদ যে সিদ্ধান্ত নেবে তা রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। এরপর রাষ্ট্রপতি সিদ্ধান্তটি প্রধান বিচারপতির কাছে পাঠাবেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য। এ সময় সাংসদ তোফায়েল আহমদ বলেন, ‘আজকের পত্রিকায় যা দেখেছি, তাতে মনে হয় তিনি (শামসুদ্দিন চৌধুরী) সার্বভৌম সংসদ নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশের মালিক জনগণ। জনগণের প্রতিনিধি সংসদ। সেই সংসদকে অবমাননা করা দেশের মানুষকে কটাক্ষ করার শামিল। সুতরাং, এ বিষয়ে রুলিং নয়, সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হবে। তাতে স্পিকার মতামত দেবেন। তারপর সেই প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।’ সব শেষে ডেপুটি স্পিকার বলেন, সব বিষয়ে স্পিকার বক্তব্য দেবেন। সে জন্য আইন-কানুন দেখতে হবে। আপনাদের দু-এক দিন অপেক্ষা করতে হবে।