সুপ্রিম কোর্টের একজন বিচারক সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, প্রধান বিচারপতি ভেবে ব্যবস্থা গ্রহণ করবেন—স্পিকারের এই রুলিং আইনগতভাবে ভিত্তিহীন ও অকার্যকর বলে রায় দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একজন বিচারপতি সম্পর্কে স্পিকারের রুলিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি শেষে আদালত অভিমতসহ ২৪ জুলাই আবেদনটি নিষ্পত্তি করেন। গতকাল সোমবার (২৭ আগস্ট) পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।রায়ে আদালত বলেছেন, স্পিকারের অভিমত ‘একই সাথে বলব আদালতের এ ধরনের আচরণের কী করণীয় থাকতে পারে, মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন...।’ এটি সংবিধানের ৯৬(৫) অনুচ্ছেদের সঙ্গে সংগতিপূর্ণ নয়। স্পিকারের রুলিং সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধির সঙ্গে অসংগতিপূর্ণ। বলা হয়েছে, রাষ্ট্রের কোনো অঙ্গ যাতে সংবিধানে দেওয়া তার ক্ষমতার সীমা লঙ্ঘন না করে, তা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত রয়েছে। বিশেষ অধিকারের সীমা সংবিধানের ৭৮ অনুচ্ছেদের ব্যাখ্যার ওপর নির্ভর করে। এই ব্যাখ্যার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের এখতিয়ারাধীন। সংসদ তার এই বিশেষ অধিকার নির্ণয়ের ক্ষেত্রে চূড়ান্ত বিচারক হিসেবে নিজেকে দাবি করতে পারে না। রায়ে আরও বলা হয়, মাননীয় বিচারপতি সংসদের কার্যধারা চ্যালেঞ্জ করে সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ ভঙ্গ করেছেন, এটি বলা যায় কি? সংবিধানের কার্যধারা চ্যালেঞ্জ করে কোনো মামলা করা হলেই কেবল সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলাটি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদে বাধা হিসেবে উল্লেখ করার সুযোগ আছে।সংসদের কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে রায়ে বলা হয়, সুপ্রিম কোর্টের ও অন্য বিচারকেরা সংসদের সমালোচনা থেকে মুক্ত। বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন বিচারকের আচরণ সংসদের বিবেচনাধীন বিষয় হতে পারে না। সংবিধান ও কার্যপ্রণালি বিধির বিধান অবজ্ঞা করে এ ধরনের আলোচনা বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে পারে। আদালত বলেছেন, আমাদের আইনপ্রণেতাদের নিঃসন্দেহে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। কিন্তু এই ক্ষমতা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং এই ক্ষমতা সংবিধানে দেওয়া এখতিয়ারের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে। বিশেষ অধিকার ও দায়মুক্তির উদ্দেশ্য হচ্ছে আইনপ্রণেতাদের স্বাধীনতা। সংসদীয় গণতন্ত্রের কার্যকরতার জন্য এই স্বাধীনতা প্রয়োজন।প্রতিক্রিয়া: গতকাল রায় প্রকাশের বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট আদালতে নিয়োজিত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় প্রথম আলোকে বলেন, ৩৮ পৃষ্ঠার রায় প্রকাশিত হয়েছে। এই রায় যুগান্তকারী। দেশের ইতিহাসে বিচার বিভাগ ও সংসদের মধ্যে সৃষ্ট বিরোধ নিয়ে এর আগে কোনো রায় হয়নি। আর রিট আবেদনকারীর আইনজীবী আখতার ইমাম বলেন, রাষ্ট্রের তিনটি স্তম্ভের আন্তসম্পর্কের বিষয়ে এই রায় ভবিষ্যতে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। স্তম্ভগুলো যাতে সংবিধান প্রদত্ত নিজ সীমারেখার মধ্যে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনার কাজ সুষ্ঠুভাবে করতে পারে, রায়ে তা উঠে এসেছে।যোগাযোগ করা হলে স্পিকার আবদুল হামিদের ব্যক্তিগত সচিব জয়নাল আবেদীন বলেন, স্পিকার আপাতত এ বিষয়ে মন্তব্য করবেন না। আদালতের পর্যবেক্ষণের কপি হাতে পাওয়ার পর তিনি এ বিষয়ে মতামত দেবেন।হাইকোর্টের রায়: রায়ে বলা হয়, আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের, নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার এবং বিচারিক ক্ষমতা আদালতের। তিনটি অঙ্গের প্রত্যেককে অন্যের বিষয়ে বিধান লক্ষ রেখে স্বতন্ত্রভাবে কাজ করতে হবে। স্বাভাবিক কার্যপরিচালনার স্বার্থে একটি অঙ্গকে অপর অঙ্গ থেকে প্রাধান্য দেওয়া যেতে পারে না। সংবিধান হচ্ছে এই তিনটি অঙ্গের সর্বময় ক্ষমতার অধিকারী। প্রতিটি অঙ্গ তার কাজের ক্ষেত্রে নিজস্ব জায়গায় স্বাধীন। যদি কোনো অঙ্গ তার ক্ষমতার সীমা অতিক্রম করে তাহলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী তার বিচারিক বিবেচনার ক্ষমতা আদালতের ওপর ন্যস্ত রয়েছে। সংবিধানের শ্রেষ্ঠত্ব একটি স্বাধীন বিচার বিভাগ দ্বারা সুরক্ষিত। ক্ষমতার স্বাতন্ত্র্যীকরণ বিষয়ে ব্যাখ্যাকারীও বিচার বিভাগ। সুতরাং আইনপ্রণেতাদের বিচারিক ক্ষমতা গ্রহণ অসাংবিধানিক। সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান বিচারপতি ও বিচারকেরা বিচারিক ক্ষেত্রে স্বাধীন।আদালত বলেছেন, সড়ক ভবনের মামলায় সংসদের কার্যধারা চ্যালেঞ্জ করা হয়নি। বিচারক সংসদের কোনো কার্যধারা চ্যালেঞ্জ করে তাঁর আদালতে বা কোনো আদালতে কোনো প্রশ্ন তুলেছেন—এমন কিছু রুলিংয়ে দেখা যায় না। এমনকি সংসদের কার্যধারা চ্যালেঞ্জ করে কোনো মামলা দায়ের বা বিচারাধীন থাকার বিষয়টি স্পিকার তাঁর রুলিংয়ে বলেননি। সুতরাং সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদের কোনো লঙ্ঘন হয়নি। রায়ে বলা হয়, আইনসভা ও বিচার বিভাগ—এই দুটি অঙ্গ সংবিধানের সৃষ্টি। আইনসভা ও বিচার বিভাগ এই দুটি অঙ্গসহ নির্বাহী বিভাগ বিদ্বেষপ্রসূত না হয়ে সমঝোতার ভিত্তিতে কাজ করা উচিত। এটা করা হলে দেশের গণতান্ত্রিক পদ্ধতির উন্নয়ন, বিকাশ ও স্থিতিশীল হবে।রায়ে আরও বলা হয়, সংবিধানের ৭ অনুচ্ছেদ জনগণকে সার্বভৌম ক্ষমতা দিয়েছে। জনগণ সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের তিনটি অঙ্গের ক্ষমতার সীমা নির্ধারণ করে দিয়েছে। সংবিধানের সীমার মধ্যে থেকে সংসদকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।ভারতীয় আদালতের একটি মামলার রায়ের প্রসঙ্গে টেনে রায়ে বলা হয়, একটি গণতান্ত্রিক সংসদ আইন প্রণয়ন করতে পারে। কিন্তু এর ক্ষমতা সীমাহীন হবে না। নির্বাহী ও আইনসভার সীমাহীন ক্ষমতা থেকে জনগণকে রক্ষা করতে একটি স্বাধীন বিচার বিভাগ থাকা উচিত। বিচার করার ক্ষমতা যদি আইনসভা ও নির্বাহী বিভাগ থেকে আলাদা না হয়, তাহলে কোনো স্বাধীনতা থাকবে না।মাসদার হোসেন মামলায় সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে বলা হয়, সংবিধানের ৯৪(৪) ও ১১৬ ক অনুচ্ছেদ বিচার বিভাগের স্বাধীনতাকে মূল স্তম্ভ হিসেবে ঘোষণা করেছে এবং একে ধ্বংস করা যায় না। সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধি সংসদ সদস্যদের বাকস্বাধীনতার ওপর সীমা আরোপ করেছে। আমাদের দেশে আইনপ্রণেতারা সংবিধান ও সাংবিধানিক আদালতের দ্বারা বাধ্য এবং সাংবিধানিক আদালত সংসদের প্রণীত আইনকে অসাংবিধানিক হলে অবৈধ ঘোষণা করতে পারে।রায়ে আদালত বলেছেন, অধিকার ও দায়মুক্তির ক্ষেত্রে সংসদ যা করেছে এবং করতে পারে, তার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। কিন্তু এই ক্ষমতা যেন অপব্যবহার ও অপপ্রয়োগ না হয়, তা আমাদের আইনের কাঠামোতে বেঁধে দিতে হবে।ঘটনাপ্রবাহ: গত ১৪ মে সড়ক ভবন নিয়ে আদালত অবমাননা মামলায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ৫ জুনের মধ্যে ব্লক সি-এর বাকি অংশ ও ব্লক এ-এর দুটি কক্ষ সুপ্রিম কোর্টকে হস্তান্তর করতে নির্দেশ দেন। এ আদেশ নিয়ে ২৯ মে সংসদে আলোচনা হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, দেশের মানুষের বিচারের ক্ষেত্রে বছরের পর বছর লেগে যাবে আর নিজেদের বিষয় বলে বিচার বিভাগ ঝটপট সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটি ভালো দেখায় না। আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।এরপর ৫ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্পিকার আবদুল হামিদের দেওয়া বক্তব্যকে রাষ্ট্রদ্রোহমূলক বলে মন্তব্য করেন। ওই দিন সন্ধ্যায় সংসদে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সমালোচনা করে বক্তব্য দেন সরকারদলীয় কয়েকজন সাংসদ। তাঁরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর অপসারণ দাবি করেন। পরে ১৮ জুন এ বিষয়ে স্পিকার রুলিং দেন। রুলিংয়ে বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি প্রত্যাহারের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া বলা হয়, একজন বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। রুলিংয়ে স্পিকার বলেন, ‘একই সাথে বলব আদালতের এ ধরনের আচরণে কী করণীয় থাকতে পারে, মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন, তাতে আমাদের সমর্থন থাকবে।’ এ অংশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন হাইকোর্টে রিট আবেদনটি করেন।আদালতে রিটের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, আখতার ইমাম, রাশনা ইমাম ও রেশাদ ইমাম মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।