বিচারপতি সাহাবুদ্দীনকে বিচারের আওতায় নিয়ে আসব
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে প্রমাণ করতে হবে দলীয় সরকারের অধীনে বিতর্কমুক্ত নির্বাচন হতে পারে। তাহলেই সুপ্রিম কোর্টের রায়ের সার্থকতা আসবে।সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আজ সোমবার দলের এক মতবিনিময় সভায় এরশাদ এ কথা বলেন। রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে সভাটি হয় আগামী নির্বাচনে জাপার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে।সভাপতির বক্তব্যে এরশাদ বলেন, ‘সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে রাজনীতিবিদদের ললাট থেকে কলঙ্কের তিলক মুছে গেছে। ত্রয়োদশ সংশোধনীর আগে সংবিধানে একাদশতম সংশোধনী আনা হয়েছিল এক ব্যক্তির স্বার্থে। আমরা সুযোগ পেলে এ সংশোধনী বাতিল করে সুবিধাভোগী বিচারপতি সাহাবুদ্দীনকে বিচারের আওতায় নিয়ে আসব।’ তিনি দাবি করেন, বিচারপতি সাহাবুদ্দীন জাতীয় পার্টির প্রতি বৈরী আচরণ করেছেন। সভায় এরশাদ জানান, আগামী ছয় মাস সম্ভাব্য প্রার্থীদের কর্মকাণ্ডের ভিত্তিতে নির্বাচনে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হবে। মনোনয়ন পেতে আগ্রহী নেতাদের এলাকায় নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় জাপার সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বক্তব্য দেন।