বিচারপতি হাবিবুর রহমানের মতে, দেশ এখন বাজিকরদের হাতে
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, দেশ এখন বাজিকরদের হাতে। ভর্তিবাজি, নিয়োগবাজি, টেন্ডারবাজি, দলবাজি, মতলববাজির রকমফের দেখে মানুষ দিশেহারা। আজ বুধবার ‘দ্য স্টেট অব গভর্নেন্স ইন বাংলাদেশ ২০০৯’-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রাজধানীর যাত্রী সম্মেলন কক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) আয়োজিত অনুষ্ঠানে তিনি বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন কমিশন, প্রশাসন, জাতীয় সংসদে সদ্য পাস হওয়া বিদ্যুত্, জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ সম্পর্কেও বক্তব্য রাখেন। বিচারপতি হাবিবুর রহমান বলেন, দেশের গণতন্ত্র অত্যন্ত ভঙ্গুর। ব্যাংকে আগুন জ্বালিয়ে, রিকশাওয়ালাকে জীবন্ত পুড়িয়ে, যেখানে-সেখানে বোমা ফাটিয়ে , পটকাবাজি করে এবং বাসে আগুন ধরিয়ে যেকোনো উপায়ে নির্বাচনে জেতাই দলগুলোর লক্ষ্য। গণপ্রতিনিধিত্ব আইনের প্রতি রাজনৈতিক দলগুলোর তেমন কোনো অঙ্গীকার লক্ষ করা যায় না। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে চোখ রাঙায় ও হম্বিতম্বি করে।প্রসঙ্গত, আইজিএসের গবেষণা প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্য ছিল শাসনব্যবস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে জনগণ আশানুরূপ সেবা পাচ্ছে কি না, তা যাচাই করা। গবেষকেরা বলেন, সেবাপ্রাপ্তির ক্ষেত্রে তদারকির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে। কিন্তু রাজনৈতিক প্রভাবের জন্য মানুষ সেবা পাচ্ছে না।