বিচারপতিকে মানসিকভাবে স্বাধীন হতে হবে: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা যুগে যুগে সোনার হরিণ হয়েই ছিল। সবাই এর পেছনে ছুটছে, কিন্তু কেউ জানে না, স্বাধীনতা কী। তিনি বিচারপতিদের মানসিকভাবে স্বাধীন হওয়ার আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিচার বিভাগের জন্য বাজেট বরাদ্দ নিয়ে এক আলোচনা সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া)।প্রধান বিচারপতি বলেন, একজন বিচারপতিকে মানসিকভাবে স্বাধীন হতে হবে। ‘না’ বলার ক্ষমতা থাকতে হবে, যাতে কেউ অন্যায় আবদার নিয়ে আসতে না পারে। তিনি বিচারপতিদের দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন হওয়ার আহ্বান জানান। প্রধান বিচারপতি হিসেবে আজই শেষ কর্মদিবস উল্লেখ করে তিনি বলেন, ‘কারও প্রতি কোনো অভিযোগ নেই। কাজ করতে গিয়ে সবার সহযোগিতা পেয়েছি। কেউ আমাকে বিমুখ করেনি।’প্রধান বিচারপতি বলেন, মামলাজট কমেছে। তবে যে পরিমাণ মামলা নিষ্পত্তি করা হয়, তার চেয়ে বেশিসংখ্যক মামলা দায়ের করার কারণে আবার নতুন করে মামলাজট হচ্ছে। তিনি প্রতিবছর নিম্ন আদালতে নিয়মিত বিচারক নিয়োগ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিচারকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন।প্রধান বিচারপতি আরও বলেন, বিচারকদের জবাবদিহি থাকতে হবে। সেই জবাবদিহি হবে জনগণের প্রতি। তিনি বিচার বিভাগের জন্য বরাদ্দ করা অর্থ ব্যয়ের স্বাধীনতা বিচার বিভাগের ওপরই থাকা উচিত বলে মন্তব্য করেন। এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিচারপতিদের বেতন তাঁর চেয়েও বেশি। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি যুক্তরাজ্যের ১৯৭৫ সালের একটা উদাহরণ টেনে বলেন, তখন সেখানে প্রধান বিচারপতির বেতন ছিল ২০ হাজার আর প্রধানমন্ত্রীর বেতন ছিল ১২ হাজার পাউন্ড। প্রধান বিচারপতি বলেন, বিচারপতিদের আর্থিক সুযোগ-সুবিধা দিতে হবে। নইলে বিচারকাজ বাধাগ্রস্ত হবে। বিচারব্যবস্থা ভেঙে পড়লে আর কিছু থাকে না।