বিচারপতিদের অস্পষ্ট সই
একটি ফৌজদারি মামলার নথির কাহিনি বলি। ফৌজদারি কার্যবিধির ৫২৬ ধারার আওতায় মামলা স্থানান্তরের মামলা। হাইকোর্ট প্রথম স্টে দিয়েছিলেন অর্থাত্ নিম্ন আদালতের মামলা স্থগিত করেছিলেন ২০০৫ সালে। সেই থেকে দফায় দফায় বাড়িয়ে সেই স্টে বহাল থাকল ৬৪ মাস। তবে আজ এখানে সে কাহিনি বলব না। আলোকপাত করতে চাই, উচ্চ আদালতে এর পথচলার ওপর।নথিটির দিকে তাকালেই মনে হবে এর ওপর দিয়ে কত যে ঝড় বয়ে গেছে। এর যদি আত্মকাহিনি জানা যেত, তাহলে আমরা হয়তো অনেক চমকপ্রদ তথ্য পেতাম। কিন্তু তা তো জানা যাবে না। নথিটি প্রায় সাড়ে পাঁচ বছর সময়ে হাইকোর্টের অন্তত ১৬টি দ্বৈত বেঞ্চ ভ্রমণ করেছে। ঘুরতে ঘুরতে নথি দুটির ত্রাহি মধুসূদন অবস্থা। মূল যে আদেশ কোথাও তার অক্ষর পর্যন্ত উঠে গেছে। এ রকম জোড়াতালি দেওয়া, প্রায় ছিন্নভিন্ন হওয়া নথিপত্রের দেখা পাওয়া আজকাল বিরল নয়। এ ধরনের নথির দিকে তাকালে আপনার মনে আফসোস জাগবেই। কারণ আপনার মনে পড়বে সুপ্রিম কোর্ট যে কোর্ট অব রেকর্ড। ২০-২৫ বছর পরে এ ধরনের নথিগুলোর অবস্থা কী দাঁড়াবে। সবচেয়ে বিস্ময়কর হলো, প্রায় সাড়ে পাঁচ বছরে এই নথিতে ২০ থেকে ২৫ জন বিচারপতি সই দিয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে অন্তত ১৮ জনের সই যে কার তা বোঝার উপায় নেই। নামের নিচে সিল নেই। সাধারণ রেওয়াজ হলো কেউ নাম সই করার আগে তাঁর নাম স্পষ্ট লেখা থাকে কিংবা সিল থাকে। উচ্চ আদালতে এই নিয়ম অত্যন্ত যত্নের সঙ্গে পালন হওয়া অপরিহার্য।আলোচ্য মামলায় আদেশদানকারী অনেক বিচারপতি ইতিমধ্যে অবসর নিয়েছেন। অন্যরা পর্যায়ক্রমে সুপ্রিম কোর্ট থেকে চলে যাবেন। রয়ে যাবে তাঁদের সই করা আদেশগুলো। এখন যদি আপনি চেষ্টা করেন তাহলে হয়তো স্বাক্ষরদানকারী বিচারপতিদের নাম জানতে পারেন। তবে সে চেষ্টা বলতে প্রাণপণ চেষ্টা লাগবে, মামুলি চেষ্টায় কুলোবে না। রীতিমতো আদাজল খেয়ে নেমে পড়তে হবে। বিভিন্ন শাখার অভিজ্ঞ লোক শনাক্তপূর্বক গিয়ে বলতে হবে, ভাই, সইটি কার, বলতে পারেন? হলফ করে বলা চলে, একজন সবার সইয়ের দিশা দিতে পারবেন না। এটা একটা অভাবনীয় রুগ্ণ অবস্থা। বোঝাই যায়, এখন থেকে ১০-২০ বছর পরে কোন বিচারপতি সই দিয়েছিলেন তার দিশা পাওয়া নাগরিকের জন্য পুরোপুরি অসম্ভব হয়ে পড়বে। একজন বিচারপতি যখন কোনো আদেশে সই করেন, তখন সংশ্লিষ্ট আদেশের যবতীয় দায়দায়িত্ব তাঁর কাঁধেই বর্তায়। কিন্তু যদি বোঝাই না যায় যে, সই কে দিয়েছিলেন, তাহলে সেটা বড় দুর্ভাগ্যজনক হয়ে দাঁড়ায়। তাই বড় প্রশ্ন হচ্ছে, কোর্ট অব রেকর্ডের এই হাল চলতে পারে কি? সংবিধানের ১০৮ অনুচ্ছেদে বলা আছে, ‘সুপ্রিম কোর্ট একটি কোর্ট অব রেকর্ড হবেন এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশদান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবেন।’ এই অনুচ্ছেদ থেকে স্পষ্ট বোঝা যায় না কোর্ট অব রেকর্ড মানে আসলে কী। সংবিধানে কোর্ট অব রেকর্ড সংজ্ঞায়িত করা হয়নি। ১৯৩৫ সালের ভারতশাসন আইনের ২০৩ ধারায় বলা ছিল, ফেডারেল কোর্ট শ্যাল বি এ কোর্ট অব রেকর্ড। সেখানেও সংজ্ঞা ছিল না। কোর্ট অব রেকর্ড বুঝতে ব্রিটিশ আইনবিদদের ব্যাখ্যা উত্তম। তাঁদের ভাষায়, কোর্ট অব রেকর্ড এমন এক আদালত, যাঁর কার্যাবলি ও কার্যধারা অনাদিকালের জন্য সংরক্ষিত থাকবে। এসব দলিল-দস্তাবেজের মর্যাদা এতটাই উঁচুতে যে এর সত্যতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। যদিও কোর্ট অব রেকর্ড নিজে তাঁর নথিপত্রের করণিক ভুল-ভ্রান্তি শুধরে নিতে পারবেন। কোর্ট অব রেকর্ড তাঁর অবমাননার জন্য জরিমানা ও দণ্ড প্রদানের এখতিয়ার প্রয়োগ করতে পারেন। এর কারণ হলো, যাতে দণ্ডদানের এখতিয়ারসম্পন্ন আদালত কোর্ট অব রেকর্ড হিসেবে গণ্য হন। (দেখুন হালসবারি, তৃতীয় সংস্করণ, ভলিউম ৯, পৃ.৩৪৭) বাংলাদেশের জনপ্রশাসনের নথিপত্র সংরক্ষণের যে হালহকিকত সে তুলনায় সার্বিক বিচারে সুপ্রিম কোর্ট নিশ্চয় প্রশংসার দাবিদার। আমাদের সুপ্রিম কোর্টে বহু পুরোনো দিনের নথিপত্র ভালোভাবেই রক্ষিত আছে। ভাওয়াল রাজার সেই বিখ্যাত মামলার নথিপত্রও রয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু মামলা-মোকদ্দমার সংখ্যা বেড়ে যাওয়ার ফলে এ ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে এবং দিন দিন তা প্রকট হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অবস্থা ইতিমধ্যে ভয়ানক হয়ে উঠেছে। মামলার নথিপত্র যেসব কক্ষে রাখা হয় তা সরেজমিনে পরিদর্শন করলে যে কারও রেকর্ড সংরক্ষণের করুণ অবস্থা নজরে আসবে। সুপ্রিম কোর্টের রেকর্ড ব্যবস্থাপনার আধুনিকায়নের দিকে কর্তৃপক্ষকে অগ্রাধিকারভিত্তিতে নজর দিতে হবে। ইদানীং আদালতের আদেশগুলো কম্পিউটারে টাইপ করা হয়। তাহলেই প্রশ্ন, সংশ্লিষ্ট বেঞ্চ কর্মকর্তারা কেন বিচারপতিদের নাম টাইপ করেন না? যাঁরা এ কাজ করেন না, তাঁদের একটা শক্ত নির্দেশনা দরকার। ব্রিটিশ আইনবিদদের কথায়, ‘এ কোর্ট অব রেকর্ড ইজ এ কোর্ট হুজ অ্যাক্টস অ্যান্ড প্রসিডিংস আর এনরোলড ফর এ পারপিচুয়াল মেমোরিয়াল অ্যান্ড টেস্টিমনি।’ এখন যদি নথিপত্র সংরক্ষণে সর্বোচ্চ যত্ন ও নিষ্ঠার ছাপ না থাকে তাহলে আগামী প্রজন্ম আমাদের সম্পর্কে কী ভাববে। কী স্মরণ করবে? গতকাল এ বিষয়ে প্রতিকার চেয়ে আমি মাননীয় প্রধান বিচারপতির দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছি।[email protected].