বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা দুর্ভাগ্যজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল মতিন বলেছেন, সম্পূর্ণ বিচার বিভাগ একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করে ১৯৯৬ সালে নিজের দেওয়া রায় তুলে ধরে তিনি বলেন, ‘তখন আমরা ভাবতে পারিনি, এ ব্যবস্থা বিচার বিভাগের জন্য এত বড় বিপদ ডেকে আনবে।’সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা দুর্ভাগ্যজনক উল্লেখ করে মো. আবদুল মতিন বলেন, নির্বাহী বিভাগের কার্যক্রমে বিচারপতিদের এভাবে সম্পৃক্ত করার ভয়াবহতা সম্পর্কে অন্যদের (সংসদ ও নির্বাহী বিভাগ) বোঝানোর ক্ষেত্রে প্রধান বিচারপতির উচিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। বর্তমান ও ভবিষ্যৎ প্রধান বিচারপতিদের নির্বাহী বিভাগের কাজে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া থেকে বিরত ও বিচ্ছিন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগকে বাঁচাতে হবে।গতকাল বুধবার বিচারপতি মো. আবদুল মতিন শেষ কর্মদিবসে দেওয়া এক বিদায় সংবর্ধনায় এসব কথা বলেন। বিচারপতি মো.আবদুল মতিনকে ডিঙিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল বিদায়ী বিচারপতি মো. আবদুল মতিনকে সংবর্ধনা দেন।বিচারপতি আবদুল মতিন বলেন, বৈধ কারণ ছাড়া এ ধরনের জ্যেষ্ঠতা লঙ্ঘন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে মারাত্মক পরিণতি বয়ে আনে। এতে ব্যক্তির বৈধ প্রত্যাশা খর্ব করে, তাঁকে কাজ করার ক্ষেত্রে হতোদ্যম করে ফেলে এবং অন্যের চোখে তাঁকে অপমানিত করে। কর্মরত বিচারকদের কাছে এটা একটা খারাপ সংকেত দেয়। এটি একটি স্বাধীন বিচারব্যবস্থার জন্য সুখকর নয়। পুরো জাতির জন্য ক্ষতিকর।প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১ জুন আবদুল মতিন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতির শপথ নেন। ১৯৯৮ সালে হাইকোর্টে স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর আপিল বিভাগে নিয়োগ পান।