সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী উচ্চ আদালতের বিচারপতিদের বেতনভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ মার্চ হাইকোর্ট রুল জারি করেছিলেন। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের আলোকে বিচারপতিদের বেতন-ভাতা কার্যকরের কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়।রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত ওই নির্দেশ দিয়ে রায় দেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন।মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, আদালতের রায়ের নির্দেশনা কার্যকর হলে প্রধান বিচারপতি এক লাখ টাকা মূল বেতনসহ মোট এক লাখ ৫২ হাজার টাকা পাবেন। আপিল বিভাগের বিচারপতিরা মূল বেতনসহ এক লাখ ২৩ হাজার ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা মূল বেতনসহ এক লাখ আট হাজার টাকা পাবেন।