বিচারপতিদের ভূমিকাই এখানে প্রধান
অ্যাটর্নি-জেনারেল সাক্ষাত্কার নিয়েছেন তানজিম আলইসলাম প্রধান বিচারপতি বিনা ফিতে দরিদ্রদের একটি করে মামলা প্রতি মাসে করে দেওয়ার জন্য আহ্বান করেছেন। কীভাবে মূল্যায়ন করছেন। প্রধান বিচারপতির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এখানে প্রধান বিচারপতির কার্যালয়কেই এগিয়ে আসতে হবে এ সিদ্ধান্ত ফলপ্রসূ করার জন্য। তিনি তাঁর বক্তব্যে কিছু কর্মপদ্ধতি বলেছেন। যেমন: নিবন্ধন খাতা খোলা হবে রেজিস্ট্রার কার্যালয়ে। এখানে অসচ্ছল জনগণ তাঁদের অভিযোগের কথা লিখবেন। এখান থেকে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তা দেওয়া হবে। এ ধরনের কর্মপদ্ধতি ফলপ্রসূ করতে অবকাঠামোগত কী ধরনের ব্যবস্থা করতে হবে? সবচেয়ে আগে প্রয়োজন একটি নির্দিষ্ট অফিস খোলা। এ অফিসে যাতে জনগণ নির্দিষ্ট উপায়ে তাঁদের অভিযোগ রেজিস্ট্রি করতে পারেন, তা সুগম করতে হবে। আইনজীবীদের এ বিষয়ে উৎসাহিত করতে হবে। সুপ্রিম কোর্টের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। বারের ভূমিকা কেমন থাকা উচিত এ বিষয়ে?অবশ্যই বারের এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে। তবে বারের চেয়ে বেঞ্চের দায়িত্ব এখানে বেশি থাকা উচিত। বিচারপতিদের মনমানসিকতায় পরিবর্তন আনতে হবে। তাঁদেরই বেশি উদ্যোগী হতে হবে। প্রধান বিচারপতি এ বিষয়ে আরও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস। বিচারপতিদের ভূমিকা বিষয়টি ব্যাখ্যা করুন। আদালতের অগাধ ক্ষমতা রয়েছে। তাঁরা গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনে প্রতিবেদন দেখে স্বতঃপ্রণোদিত হয়ে রুল ইস্যু করতে পারেন। আমাদের গণমাধ্যম এখন অনেক এগিয়েছে। কোথাও কোনো অসহায় দরিদ্র লোক বঞ্চিত হচ্ছেন, কার জমি দখল হচ্ছে কিংবা কে নির্যাতিত হচ্ছেন—এ বিষয়ে সচিত্র প্রতিবেদন ছাপা হচ্ছে। আদালত নিজ উদ্যোগেই এ ক্ষেত্রে রুল ইস্যু করতে পারেন। কয়েক দিন আগে এক শিক্ষকের দ্বারা এক মহিলা লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছিল। ওই মহিলা এসে আদালতে নালিশ করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত আমাকে ডেকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলেন। আমি অভিযুক্তকে এসে আদালতের সামনে প্রকাশ্য ওই মহিলার কাছে ক্ষমা চাইতে বলি। ওই শিক্ষক ক্ষমাও চেয়েছেন। এখানে বিচারপতিরা আমলে নিয়েছেন বলেই মহিলাটি একটু হলেও প্রতিকার পেল। এখন যদি মহিলাটি মানহানির মামলা করতেন, তাহলে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো। সম্প্রতি পত্রিকায় দেখলাম, আট বছর ধরে এক গৃহকর্মীকে আটকে রেখে কাজ করানো হয়েছে। আদালত ইচ্ছে করলে এ বিষয়েও পদক্ষেপ নিতে পারেন। এ বিষয়ে কোনো সেল গঠন করা যেতে পারে কি, যাতে এ ধরনের অভিযোগ নিষ্পত্তি হতে পারে। অবশ্যই করা উচিত। ভারতের সুপ্রিম কোর্টেই আছে, সেখানে কর্মকর্তা নিয়োগ করা আছে। তাঁদের কাজ হচ্ছে এ ধরনের কোনো অভিযোগ এলে আদালত আমলে নেবেন কি না বিষয়টি যাচাই-বাছাই করে উত্থাপন করা। আমাদের সুপ্রিম কোর্টেরও এ ধরনের সেল গঠন করা যেতে পারে। একজন কর্মকর্তা নিয়োগ দিয়ে এ ধরনের কার্যকর পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। তাহলে মামলা-মোকদ্দমার সংখ্যাও অনেক কমে যাবে। তবে বিচারকদের এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে সবচেয়ে বেশি। এ প্রসঙ্গে একটি ঘটনা বলে রাখি। বিচারপতি গোলাম রাব্বানী যখন বিচারপতির দায়িত্ব পালন করছিলেন, একজন মহিলা ফতোয়ার শিকার হয়েছিলেন। আমি তখন অ্যাডিশনাল অ্যাটর্নি-জেনারেল ছিলাম। তখন বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হলে তিনি এ বিষয়ে রুল জারি করেছিলেন। বিচারপতিদের ভূমিকা জোরালো হলে অসহায় লোকজন আইনি সহায়তা পাওয়ার পথ আরও সহজ হবে।