বিচারপতিদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করা হবে
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ‘সংবিধানে বিচারপতি নিয়োগের বিধানকে সমুন্নত রাখার জন্য আমরা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনোভাবেই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না।’আজ রোববার নিজ কার্যালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে আইনমন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতির সম্মতি পেলে সংবিধানে বিচারপতি নিয়োগের বিধান চূড়ান্ত করা হবে।শফিক আহমেদ আরও বলেন, যাঁরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, নিয়োগের ক্ষেত্রে শুধু তাঁদেরকেই প্রাধান্য দেওয়া হবে। তিনি বলেন, প্রধান বিচারপতির পরামর্শ নেওয়ার পরই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে এ নিয়ে আলোচনা হবে। তবে আইন হওয়ার পর এ নিয়ে আর কোনো সমস্যা হবে না বলে তিনি দাবি করেন।