নবনিযুক্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, ‘আইনে বিচারপতিদের সম্পদের বিবরণী প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু স্বচ্ছতার স্বার্থে বিচারপতিদের সম্পদের বিবরণী দেওয়া উচিত।’গতকাল রোববার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ফজলুল করিম এ মত দেন। এদিকে আজ সোমবার বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে মোহাম্মদ ফজলুল করিমকে শপথবাক্য পাঠ করাবেন। তিনি আজ থেকে তাঁর দায়িত্ব গ্রহণ করছেন। শপথ গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে।৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি ফজলুল করিম বিদায়ী প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।গতকাল দুপুর দেড়টার দিকে নতুন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সুপ্রিম কোর্টে তাঁর নিজ কক্ষে সাংবাদিকদের বলেন, ‘মানুষের মঙ্গল ও সুবিচার নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে। বিচারাঙ্গনকে অবিচারের ক্ষেত্রে পরিণত হতে দেব না। স্বল্প খরচে, স্বল্প সময়ে মানুষ যাতে বিচার পায়, সেই চেষ্টা থাকবে।’ওই কক্ষে এরপর উপস্থিত হন বিদায়ী প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম এবং আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল মতিন।বিদায়ী প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, ‘সুপ্রিম কোর্টে তথ্যপ্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, দু-তিন বছরের মধ্যে পাড়া-মহল্লার নারীরাও কম্পিউটারে তাঁদের মামলার সর্বশেষ অবস্থা জানতে পারবেন। একজন আইনজীবী ল্যাপটপের মাধ্যমে যেকোনো জায়গা থেকে মামলা করতে পারবেন।’বিদায়ী সংবর্ধনা: গতকাল রোববার সকালে বিদায়ী প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা উপলক্ষে আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষ বিচারপতি ও আইনজীবীদের মিলনমেলায় পরিণত হয়। বেলা ১১টা ১১ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে অনুষ্ঠান।অনুষ্ঠানে বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বলেন, দ্রুত ও গতিশীল বিচার জনগণের প্রত্যাশা। মামলার খরচ সহনীয় পর্যায়ে থাকবে, এটি তাঁদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে সারা দেশের বিচারপতি ও আইনজীবীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত ও দক্ষতার সঙ্গে মামলাগুলো নিষ্পত্তি করতে হবে।বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের বর্ণময় জীবন তুলে ধরে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, গত ৩ জানুয়ারির সংবর্ধনা অনুষ্ঠানে আদালতের অব্যবস্থাপনা ও আমলাদের দুর্নীতির বিষয়ে উল্লেখ করার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত প্রতিবেদনটি যেন কোনোভাবেই চাপা না পড়ে যায়। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতির উদ্দেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলা ও পঞ্চম সংশোধনী মামলায় দেওয়া রায় বাংলার জাতিসত্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে মাইলফলক হয়ে থাকবে।’